ফেসবুক পোস্টে আইসিটির চিফ প্রসিকিউটরকে বাদ দেওয়ার ইঙ্গিত

ফেসবুক পোস্টে আইসিটির চিফ প্রসিকিউটরকে বাদ দেওয়ার ইঙ্গিত
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:১৫  

অনলাইনে ছড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপনের ইঙ্গিত। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম প্রকাশ করেছেন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান। অ্যাডভোকেট আমিনুল ইসলাম এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাবরণও করেন।

২২ ফেব্রুয়ারি, রবিবার রাত ১১টায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘ব্রেকিংনিউজ’ হিসেবে এই তথ্য প্রকাশ করেন তিনি। 

পোস্টে বার্গম্যান লেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নতুন প্রধান কৌঁসুলি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তাজুল ইসলামকে এই পদ থেকে সরানো হচ্ছে। জানা গেছে, আইনজীবী আমিনুল ইসলাম এই পদের জন্য বিবেচিত হচ্ছেন। আমিনুল ইসলাম এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার (বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মা) দুর্নীতি মামলার আইনি দলের সদস্য ছিলেন, যে মামলায় তার কারাদণ্ড হয়েছিল।

একটি সূত্র নিশ্চিত করেছে যে তাজুল ইসলামকে ইতোমধ্যে তার প্রতিস্থাপনের সিদ্ধান্তের বিষয়ে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তাজুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সরকারি মুখপাত্রদের কাছ থেকে মন্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।

আইসিটি বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করছে। তাদের বিরুদ্ধে জুলাই ২০২৪-এর বিক্ষোভের সময় প্রতিবাদকারী ও পথচারীদের হত্যা ও আহত করার অভিযোগ রয়েছে, যা শেখ হাসিনার সরকারের পতনের দিকে পরিচালিত করে। ট্রাইব্যুনালটি ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত গুমের ঘটনা সম্পর্কিত মামলাও পরিচালনা করছে। এ পর্যন্ত তিনটি বিচার সম্পন্ন হয়েছে।

তিন দিন আগে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন যে নতুন সরকার তাকে বা প্রসিকিউশন দলের অন্য সদস্যদের প্রতিস্থাপন করতে চায় এমন কোনো ইঙ্গিত তিনি পাননি।

একই ধরনের খবর দিয়েছে, ফ্যাক্টচেক বিষয়ক পোর্টাল দ্য ডিসেন্ট। রাতেই পোর্টালটি জানায়, রবিবার দিনের বেলা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জনাব তাজুলকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা।

 সূত্রটি আরও জানিয়েছে, আগামীকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। 

এরপর থেকেই বিষয়টি টক অব দ্য অনলাইন হয়ে উঠেছে। 

ডিবিটেক/ডিএইচই/ইকে