ঢাকায় চীনা সরকারের উপহারের পাঁচ লাখ সিনোফার্ম টিকা

১২ মে, ২০২১ ০৯:৪১  
উপহার হিসেবে বাংলাদেশকে দেয়া চীনের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার চীনা দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে। চীনা দূতাবাস সূত্র জানায়, বুধবার (১২ মে) ভোর ৫টা ৩১ মিনিটে টিকা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি টিকা নিয়ে বেইজিং থেকে ঢাকায় পৌঁছে। চীনা দূতাবাস সূত্র জানায়, ঢাকা পৌঁছানো এসব টিকা আজ বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এদিকে, উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা আসলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চাহিদা অনুযায়ী টিকা আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে। এর আগে মঙ্গলবার (১১ মে) দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ কার্গো বিমান টিকা আনতে বেইজিং গেছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার (১০ মে) জানিয়েছিলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এ লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে। এ টিকা ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।