উইন্ডোজ ১১-এ নতুন অপারেটিং সিস্টেম চালু

৫ অক্টোবর, ২০২১ ১২:১৯  
মাইক্রোসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উইন্ডোজ ১১ উন্মুক্ত করে দেয়া হয়েছে মঙ্গলবার। যারা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন তারা বিনামূল্যে নতুন এ ভার্সনটিতে আপগ্রেড করতে পারবেন বলে জানিয়েছেন  উইন্ডোজের প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস পানে। বিবিসিকে তিনি বলেছেন, প্রযুক্তি সম্পর্কে সবচেয়ে কম জানা মানুষেরাও সহজে নতুন এই সিস্টেমে আপগ্রেড করতে পারবেন। নকশায় নতুনত্ব আনার পাশাপাশি উইন্ডোজ ১১-এর টাস্কবারের একেবারে কেন্দ্রে ডিফল্ট আকারে জায়াগা পেয়েছে ‘স্টার্ট মেন্যু’ ও অন্যান্য আইকন। স্টার্ট বাটনে ক্লিক করলে, এটি বারবার ব্যবহৃত অ্যাপসগুলো সম্বলিত একটি মেন্যু সামনে নিয়ে আসবে। কিছু ক্ষেত্রে এটা স্মার্টফোনের অ্যাপ মেন্যু কিংবা লঞ্চারের মত মনে হতে পারে। উইন্ডোজ ১০-এর স্টার্ট মেন্যুতে যে ‘টাইলস’ রয়েছে, নতুন অপারেটিং সিস্টেম থেকে সেটি বাদ দিয়েছে মাইক্রোসফট। পুরো সিস্টেমজুড়ে গোলাকার কোনসমৃদ্ধ নকশা করা হয়েছে, যা সহজ করেছে মেন্যু এবং ফোল্ডার দেখার ব্যবস্থা। উইন্ডোগুলোকে সাজানো এবং গ্রিডে ভাগ করার অপশনটি নতুন ও আরও উন্নত করা হয়েছে। ২০০৭ সালের উইন্ডোজ ভিস্তার গুরুত্বপূর্ণ ফিচার ‘উইজেট’ ফিরিয়ে এনে তা স্ক্রিনের বামপাশের একটি সাইডবারে জুড়ে দেয়া হয়েছে উইন্ডোজ ১১ এ।