ইলন মাস্ককে কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

২৪ এপ্রিল, ২০২৪ ০৭:৩৮  

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন। মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে সিডনির গির্জায় ছুরিকাঘাতের ঘটনার ছবি সরিয়ে নেয়ার নির্দেশকে কেন্দ্র করে এ বাগ্‌যুদ্ধ চলছে। এরই জেরে ইলন মাস্ককে ‘উদ্ধত ধনকুবের’ বলে কটাক্ষ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। খবর বিবিসি ও সময়নিউজ।

মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে সম্প্রতি সিডনির গির্জায় ছুরিকাঘাতের ঘটনার কয়েকটি ছবি সরিয়ে নেয়ার নির্দেশকে কেন্দ্র করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ।

গত সপ্তাহে সিডনির একটি গির্জায় ছুরিকাঘাতে আহত হন বিশপ মারি ইমানুয়েল। পরে ওই হামলার ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে। এসব ভিডিও সিডনির বাসিন্দাদের মধ্যে উত্তেজনা উসকে দিতে পারে- এমন দাবি করে অস্ট্রেলিয়া আদালতের শরণাপন্ন হয়।

সোমবার (২২ এপ্রিল) অস্ট্রেলিয়ার একজন বিচারপতির দেয়া রুলে বলা হয়, এক্স কর্তৃপক্ষের উচিত বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীরা যেন সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সিডনির ছুরিকাঘাতের ঘটনাটির ভিডিও দেখতে না পায়, তা নিশ্চিত করা। রায়ে হামলার ভিডিও সরিয়ে নিতে নির্দেশ দেন অস্ট্রেলিয়ার আদালত।

কিন্তু এই আদেশ অস্ট্রেলিয়ার আইনের মধ্যে পড়ে না- এমন দাবি করে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার ঘোষণা দেয় সামাজিকমাধ্যম এক্স।

মঙ্গলবার (২৩ এপ্রিল) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ এবিসি নিউজকে এক সাক্ষাৎকারে ইলন মাস্ককে  উদ্ধত ধনকুবের হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘তিনি (মাস্ক) নিজেকে আইনের ঊর্ধ্বে বলে মনে করেন। সাধারণ শিষ্টাচারটুকুও তিনি মানেন না।’

আলবানিজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অবশ্যই দায়বদ্ধতা থাকতে হবে; কিন্তু মাস্ক তার প্ল্যাটফর্মে হিংসাত্মক ‘কনটেন্ট’ রাখার জন্য লড়াই করছেন।

এরপর আলবানিজের বিরুদ্ধে এক পোস্টে সেন্সরশিপের অভিযোগ তোলেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক মাস্ক।

এর আগে অস্ট্রেলিয়ার সাইবার নিয়ন্ত্রক ই-সেফটি কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ অন্যান্য প্ল্যাটফর্মকে হুমকি দেন যে, তারা যদি ওই হামলার ভিডিও না সরান তবে তাদেরকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে।

ডিবিটেক/বিএমটি