আইএমইআই পরিবর্তন-মোবাইল ফ্ল্যাশ করার ডিভাইসসহ আটক ১
আইএমইআই নাম্বার পরিবর্তন ও ফ্ল্যাশ করার ডিভাইসসহ রাজধানীর যাত্রাবাড়ীতে কোনাপাড়ার মান্নান স্কুল মার্কেটের দোকান থেকে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির কাছ থেকে কাছ থেকে ১১টি অকেজো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৮টি অকেজো বাটন মোবাইল ফোন, ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের বডি এবং ৩টি মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন ও ফ্ল্যাশ করার ডিভাইস জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানিয়েছেন, রোববার (২৫ ডিসেম্বর) অভিযান চালিয়ে অভিযুক্ত নওসাত হোসেন ওরফে শান্ত নামে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। আটক শান্তকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, গতকাল কয়েকজন ব্যক্তি কোনাপাড়ার মান্নান স্কুল মার্কেটের দোকানের ভেতর চোরাই মোবাইল কেনা-বেচা করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।





