কপ-৩১ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ

ঢাকা: তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ-৩১। সোমবার (৯ নভেম্বর) শুরু হয়ে ১১ দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের বিশেষ তাৎপর্য হলো— নতুন প্রতিশ্রুতির পাশাপাশি পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর বাস্তবায়নকে গুরুত্ব দেওয়ার ঘোষণা। কপ-৩১—এর ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সংক্ষিপ্ত এ সফরে উচ্চপর্যায়ের অধিবেশনে […] The post কপ-৩১ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কপ-৩১ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ
৮ নভেম্বর, ২০২৬ ১০:০০  

ঢাকা: তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ-৩১।

সোমবার (৯ নভেম্বর) শুরু হয়ে ১১ দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

এবারের সম্মেলনের বিশেষ তাৎপর্য হলো— নতুন প্রতিশ্রুতির পাশাপাশি পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর বাস্তবায়নকে গুরুত্ব দেওয়ার ঘোষণা।

কপ-৩১—এর ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সংক্ষিপ্ত এ সফরে উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্মেলনে তিনি বাংলাদেশের জাতীয় অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন। পাশাপাশি সম্মেলনস্থলে ১০০ বর্গমিটারের একটি প্যাভিলিয়ন স্থাপন করবে বাংলাদেশ সরকার।

সম্মেলনে দেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি, জলবায়ু অর্থায়ন, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি ও প্রকৃতিনির্ভর সমাধানের বিষয়গুলো তুলে ধরা হবে। এ প্যাভিলিয়নকে অভিজ্ঞতা বিনিময়, নীতি সংলাপ এবং উন্নয়ন সহযোগী, গবেষণা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে সহযোগিতা তৈরির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে।

সম্মেলনে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ। বিশেষ করে অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়ন বৃদ্ধি, ঋণের বোঝা না বাড়ানো ও জলবায়ু তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হবে।

এ প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা ও উন্নয়নকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের স্বার্থ, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করবে কপ-৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ।’

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মতামত এবং জলবায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এরই মধ্যে বাংলাদেশের অবস্থানপত্র (পজিশন পেপার) তৈরি করা হয়েছে। সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীন এবং সমমনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জাতীয় স্বার্থে কাজ করবে বাংলাদেশের প্রতিনিধিদল।’

গত ছয় মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকারের নেওয়া পরিবেশ ও জলবায়ুসংক্রান্ত বিভিন্ন উদ্যোগও সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উদ্যোগের মধ্যে রয়েছে-খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সৌরবিদ্যুৎসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপের বিষয়টি।

এসব উদ্যোগ জলবায়ু সহনশীলতা জোরদার, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং এর বিরূপ প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, তা-ও সম্মেলনে তুলে ধরা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সম্মেলনে প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা, জলবায়ু অভিযোজন জোরদার, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানো এবং পরিচ্ছন্ন জ্বালানির দিকে বৈশ্বিক রূপান্তর এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

The post কপ-৩১ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.