দশম আন্তর্জাতিক ফায়ার ও সিকিউরিটি এক্সপো শুরু ২৬ নভেম্বর
ঢাকা: ২০ দেশের ১২০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (আইএফএসএসই-২০২৬)’। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) আয়োজিত এই প্রদর্শনী ২৬ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। […] The post দশম আন্তর্জাতিক ফায়ার ও সিকিউরিটি এক্সপো শুরু ২৬ নভেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ২০ দেশের ১২০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (আইএফএসএসই-২০২৬)’। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) আয়োজিত এই প্রদর্শনী ২৬ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর ঘোষণা দেয় ইএসএসএবি।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের এক্সপোতে বাংলাদেশসহ বিশ্বের ২০টিরও বেশি দেশের ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিন দিনে ২০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রদর্শনীতে ফায়ার, সেফটি ও সিকিউরিটি খাতের ১৩টিরও বেশি বিভাগে আধুনিক প্রযুক্তি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ইলেকট্রনিক নজরদারি সমাধান তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) অব. লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি দেশের অগ্নিনিরাপত্তা ও জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
ইএসএসএবির সভাপতি স্কোয়াড্রন লিডার এম দিদারুল ইসলাম (অব.) বলেন, “বাংলাদেশের পোশাক শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি ও প্লাস্টিক সহ উদীয়মান শিল্পখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক নিরাপত্তার বিকল্প নেই। আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের পাশাপাশি নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরি হবে।”
এবারের এক্সপোর অন্যতম আকর্ষণ ফায়ার সার্ভিস ও ইএসএসএবির যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের সরাসরি প্রদর্শনী। এর মাধ্যমে দর্শনার্থীদের জরুরি পরিস্থিতিতে করণীয় এবং জাতীয় জরুরি হটলাইন ‘১০২’ সম্পর্কে বাস্তবমুখী ধারণা দেওয়া হবে। একইসঙ্গে স্বেচ্ছাসেবক কার্যক্রম উৎসাহিত করতে এক্সপো প্রাঙ্গণে একটি বিশেষ ‘ভলান্টিয়ার রেজিস্ট্রেশন বুথ’ থাকবে।
তিন দিনের এই মেলায় শিল্প ও অবকাঠামোর নিরাপত্তা, আন্তর্জাতিক মানদণ্ড ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে পাঁচটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ২৫ জনের বেশি আন্তর্জাতিক ও দেশীয় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এবারের আন্তর্জাতিক এই আয়োজনে কনভেনিং স্পনসর হিসেবে যুক্ত রয়েছে শীর্ষস্থানীয় অগ্নিনিরাপত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এনএএফএফসিও’ (NAFFCO)।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ইএসএসএবির মহাসচিব নাঈম উদ্দিন মাহমুদ এবং সূচনা বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সংগঠনের পরিচালক মো. হাবিবুর রহমান হেলাল। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post দশম আন্তর্জাতিক ফায়ার ও সিকিউরিটি এক্সপো শুরু ২৬ নভেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





