গণভোটের রায় বাস্তবায়ন না হলে অনিবার্য বিপ্লবের পথে দেশ: শফিকুর রহমান
ঢাকা: গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে আরেকটি অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ৯ নভেম্বর সংসদ অধিবেশন বসার আগেই বিএনপিকে নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। অন্যথায় জনগণের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার […] The post গণভোটের রায় বাস্তবায়ন না হলে অনিবার্য বিপ্লবের পথে দেশ: শফিকুর রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে আরেকটি অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ৯ নভেম্বর সংসদ অধিবেশন বসার আগেই বিএনপিকে নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। অন্যথায় জনগণের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো দলীয় বা ব্যক্তিগত দাবি নিয়ে মাঠে নামিনি। আমাদের দাবিগুলো জনগণের দাবি। জনগণের ভোগান্তির অবসান এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা মাঠে নেমেছি। মহান আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়ে আগের লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে।’
তিনি বলেন, সাত দফা দাবির মূল বিষয় একটি গণভোটের রায় বাস্তবায়ন। এই রায় বাস্তবায়ন না হওয়ার কারণেই বাকি ছয় দফার জন্ম হয়েছে। গণভোটের রায় বাস্তবায়িত হলে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ ও মাদক সম্রাটরা মাথাচাড়া দিয়ে উঠতে পারত না বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বিএনপি জাতিকে হতাশ করেছে। জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে। কথা দিয়ে কথা রাখেনি। জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছে। জাতির আকাঙ্ক্ষা ও গণরায়কে উপহাস করেছে। বিএনপিকে ভালো পথে ফিরে এসে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। তা না হলে দলটিকে উচ্চমূল্য দিতে হবে। বিএনপি অতীতের স্বৈরাচারী শাসন ও নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। এই সফরে কী উদ্দেশ্যে যাওয়া হয়েছিল এবং কী অর্জন হয়েছে, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে।
বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, তা জনগণ জানতে চায় উল্লেখ করে তিনি বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, এখন তাদের পরিণতি ভোগ করতে হচ্ছে। জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না। সরকারকে অবিলম্বে দাবিগুলো মেনে নিয়ে সুস্থ ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘৯ নভেম্বর সংসদ বসার আগেই নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে ঘোষণা দিন যে আমরা গণভোটের গণরায় বাস্তবায়ন করব। এই ঘোষণা দিলে বিরোধী দলের আপাতত আর কোনো কর্মসূচি নেওয়ার প্রয়োজন হবে না।’
গণভোটে ৭০ শতাংশ মানুষের ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের এই দাবি ও ভোটের রায়কে অপমানিত হতে দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
যুবসমাজকে বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, তরুণদের আকাঙ্ক্ষা পদদলিত করা হচ্ছে। রাজপথের লড়াইয়ের মাধ্যমে তারা জাতিকে সাময়িক মুক্তি এনে দিয়েছে। সেই মুক্তিকে দীর্ঘস্থায়ী করতে আবারও লড়াই করতে হবে।
তিনি বলেন, আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় টোকা দিচ্ছে। এই বিপ্লবের জন্য মুক্তিকামী দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপির সঞ্চালনায় আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ১১দলীয় সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
উদ্বোধনের পর কয়েক’শ গাড়ির বহর নিয়ে কুষ্টিয়ার পথে লংমার্চ শুরু করেন ১১দলীয় ঐক্যের নেতারা। তবে মঞ্চে দেখা যায়নি এনসিপি নেতাদের।
১১দলীয় ঐক্যের লংমার্চের এই উদ্বোধনী সভায় ১১দলের অন্যতম বড় দল জাতীয় নাগরিক পার্টির কোনো নেতাকে দেখা যায়নি। এ বিষয়ে ১১দলের একজন শীর্ষ নেতা সারাবাংলাকে বলেন, আমিও মঞ্চে এনসিপির কোনো নেতাকে দেখিনি। তারা লংমার্চে যোগ দেবে কি না তাও এখন বলতে পারছি না।
The post গণভোটের রায় বাস্তবায়ন না হলে অনিবার্য বিপ্লবের পথে দেশ: শফিকুর রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





