সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

ঢাকা: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই জামায়াতে ইসলামী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অতীতের মতো এবারও রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে জনগণের সঙ্গে প্রতারণা করে নির্বাচনকে বিতর্কিত করার চক্রান্ত করছে দলটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা আলহাজ […] The post সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
২৯ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই জামায়াতে ইসলামী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অতীতের মতো এবারও রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে জনগণের সঙ্গে প্রতারণা করে নির্বাচনকে বিতর্কিত করার চক্রান্ত করছে দলটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, বিগত দিনের নির্বাচন ও চলমান রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ এখন সচেতন, অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।

সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ

বিএনপির প্রয়াত নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামে সালাউদ্দিন আহমেদ ছিলেন একজন আপসহীন ও আদর্শবান সিপাহসালার।

তিনি বলেন, শত শত ভুয়া মামলা, রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের কারণে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। চিকিৎসাবঞ্চিত করে তাঁকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। শুধু সালাউদ্দিন আহমেদ নন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বহু নেতাকর্মীকে এভাবে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী আলহাজ নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে প্রয়াত নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

The post সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.