ফরিদপুরে গভীর রাতে সরকারি সার পাচারকালে ট্রাকসহ ডিলার আটক
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারকালে ট্রাকভর্তি ২৫০ বস্তা ডিএফপি সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ সার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে এক ট্রাক সরকারি সারসহ সারের ডিলার ও ট্রাকের হেলপারকে আটক […] The post ফরিদপুরে গভীর রাতে সরকারি সার পাচারকালে ট্রাকসহ ডিলার আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারকালে ট্রাকভর্তি ২৫০ বস্তা ডিএফপি সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ সার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।
বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে এক ট্রাক সরকারি সারসহ সারের ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়। আটক সার ডিলার এ. কে. এম. ইলিয়াস হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। এ ছাড়া তিনি মেসার্স হাওলাদার ট্রেডার্সের (মালিগ্রাম বাজার) স্বত্বাধিকারী চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত একজন পুরোনো সার ডিলার।
পুলিশ, কৃষি বিভাগ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সারবোঝাই ট্রাকটি সন্দেহজনকভাবে চলাচলের সময় স্থানীয়রা আটকে দেয়। এতে ডিলারের পক্ষে একটি কুচক্রী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু উত্তেজিত জনতা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে এ বিষয়ে অবগত করেন। তৎক্ষণাৎ খবর পেয়ে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ঘটনাস্থলে উপস্থিত হন।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই একটি ট্রাক, হেলপার ও সারের ডিলার ইলিয়াস হাওলাদারকে আটক করা হয়। সারবোঝাই ট্রাকটি ভাঙ্গা থেকে অন্যত্র পাচারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় সারের ডিলারের বিরুদ্ধে মামলা ও তার ডিলার বাতিল করা হবে।’
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সারের ডিলার ও ট্রাকের হেলপারকে সারবোঝাই ট্রাকসহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এ ছাড়া ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, রাতের অন্ধকারে ট্রাকে করে ২৫০ বস্তা ডিএফপি সার অন্যত্র পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ট্রাকসহ সার জব্দ ও সারের ডিলারকে আটক করে স্থানীয় থানায় নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ সারের ডিলার বাতিল করা হবে।’
The post ফরিদপুরে গভীর রাতে সরকারি সার পাচারকালে ট্রাকসহ ডিলার আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





