আইজিপির ক্রসফায়ার বক্তব্যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ […] The post আইজিপির ক্রসফায়ার বক্তব্যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর first appeared on Sarabangla | Breaki

আইজিপির ক্রসফায়ার বক্তব্যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর
২৭ অক্টোবর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই ব্রিফিংয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। তবে তিনি কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির শিকার হবেন না।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, “আমরা যাকে চাই, তিনি আসলেন, আপনি হ্যাপি? আমাদের তাহলে ধরে বেঁধে আনতে হলো না। উনি আসলেন, উনি বিচারের মুখোমুখি হবেন, উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর লিগ্যাল প্রসেসে যা যা হওয়ার, তাই হবে।”

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া চলবে। তিনি কোনো মবের মুখোমুখি হবেন না এবং কোনো বেআইনি পরিস্থিতির শিকার হবেন না। তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়টি ন্যায়বিচারের মাধ্যমেই হতে হবে।

শেখ হাসিনার দেশে ফেরার সময়সীমা নিয়ে বারবার আলোচনা না করার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি দেশে ফিরতে না পারলে আবার নতুন সময় নিয়ে আলোচনা শুরু হবে। এতে একই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলতে থাকবে।

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উদাহরণ টেনে তিনি বলেন, নব্বইয়ের পর এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি দেশে ছিলেন, জেলে থেকেছেন এবং পাঁচটি আসনে জয়ীও হয়েছেন। তার দলের ৩৫টি আসন ছিল।

মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা

একজন মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, “এই অন্যায়ের পরিণতি তাদের ভোগ করতে হবে।”

তিনি বলেন, কোনো মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ সাধারণ মানুষ পছন্দ করে না। যারা এমন অপকর্ম করে, তারা সমাজে চূড়ান্তভাবে নিন্দিত হবে এবং তাদের অপকর্মের পক্ষে কোনো সমর্থন মিলবে না।

অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা রয়েছে

সিপিবির কার্যালয়ে হামলাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার আগে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন— এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, অপরাধ প্রতিরোধে সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। অনেক ঘটনা আগেই প্রতিরোধ করা হয়, যেগুলো সাধারণ মানুষ জানতে পারেন না।

তিনি বলেন, পুলিশের অপরাধ আগাম শনাক্ত করার মতো একটি সংস্থা রয়েছে। ওই সংস্থার প্রতিবেদন ও তথ্যের ভিত্তিতে অনেক অপরাধ ঠেকানো হয়।

দেশের অর্থনীতি থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে কিছু ঘটনা ঘটতে পারে। তবে এসব ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জল্পনা নয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই সফরের সময় নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করাই ভালো।

The post আইজিপির ক্রসফায়ার বক্তব্যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.