১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: টাঙ্গাইলে দুদকের অভিযান

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের কর্মকর্তারা বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর নির্মাণাধীন সেতুটিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন দুদক […] The post ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: টাঙ্গাইলে দুদকের অভিযান first appeared on Sarabangla | Breaki

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: টাঙ্গাইলে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০০  

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের কর্মকর্তারা বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর নির্মাণাধীন সেতুটিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী মো. বাসেদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন বলেন, ‘দুদকের পক্ষ থেকে সেতুটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে। আমরা ফুটপাত স্ল্যাব ও রেলিংয়ের পিলার ভেঙে দেখেছি। এখানে রডের পরিমাণটা কম রয়েছে। রড যতটুকু থাকা দরকার, সেটুকু নেই। সরেজমিনে যে রিপোর্টটি তৈরি করেছি, সেটা আমাদের এক্সপার্ট আছে, ওনারা সরেজমিন প্রতিবেদন দেবে। সেটার ওপর ভিত্তি করে প্রাথমিক সত্যতা পেলে আমরা কমিশনকে বিস্তারিতভাবে জানাব। তারপর কমিশন থেকে যে নির্দেশনা দেবে, সে অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করব।’

তিনি আরও বলেন, ‘যে বাঁশ ব্যবহার করা হয়েছিল, সেগুলো আমরা সরেজমিনে দেখতে পাইনি। তবে মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখেছি। সেখানে সাটারিং-এ বাঁশের ব্যবহার আমরা দেখেছি।’

এর আগে এ ঘটনায় বাসাইল থানায় মামলা হওয়ার পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বাসাইল পৌরসভার মাইজখাড়া সেতুর কাছ থেকে তাকে গ্রেফতা্র করা হয়। শাহ আলম (৪৪) রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকার মৃত নবুর উদ্দিনের ছেলে।

মামলাটি করেন বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান। ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই ব্যক্তিকে আসামি করে করা মামলায় প্রধান আসামি করা হয়েছে ঠিকাদার এস. এম. জাহাঙ্গীর আলমকে। অপর আসামি সাব-ঠিকাদার শাহ আলম।

এদিকে এ ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর দফতর থেকে গঠিত দুই সদস্যের কমিটিতে রয়েছেন সদর দফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাকিল হোসেন ও একই দফতরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জাকিউল আলম।

টাঙ্গাইল এলজিইডির পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো. তৌহিদুর রহমান (আহ্বায়ক), টাঙ্গাইল সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী ইফতেখার আহম্মেদ (সদস্যসচিব), সহকারী প্রকৌশলী সাকিব-উল-হাফিজ, উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান ও ল্যাব টেকনিশিয়ান মো. আলোব্বর হোসেন।

এ ছাড়া বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও তিন সদস্যের পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিনটিকেই তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর এলজিইডির এক উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ ও চিঠিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ সাদেকও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সেতুটি পরিদর্শন করেন।

উল্লেখ্য, বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর বাসাইল জিসি-কাউলজানী ইউনিয়ন পরিষদ সড়কের মাইজখাড়া অংশে ৯০ দশমিক শূন্য ৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা। মেসার্স ইউনুস আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে।

২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া সেতুটির কাজ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই শুরু করেন। স্থানীয়রা বিষয়টি দেখে বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, ‘ঠিকাদার এস. এম. জাহাঙ্গীর এবং সহকারী ঠিকাদার শাহ আলম তাদের অনুপস্থিতিতে রাতে কাউকে না জানিয়ে ওয়াকওয়ে ও ফুটপাতের ঢালাইয়ের কাজ করেন। বিষয়টি ত্রুটিপূর্ণ ও নিয়মবহির্ভূত। বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ঢাকা অঞ্চল ও টাঙ্গাইল এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ল্যাব টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘সরেজমিনে সেতুটি পরিদর্শন করে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, ‘সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। তদন্ত কমিটির প্রতিবেদনসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

The post ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: টাঙ্গাইলে দুদকের অভিযান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.