‘লেডি মীর জাফর’ বলায় ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিনের নালিশ

ঢাকা: ফেসবুকে নিজেকে ‘লেডি মীর জাফর’ উল্লেখ করে পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটন-এর বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি তুলে ধরেন তিনি। এদিন হাইকোর্টের কার্যতালিকায় থাকা একটি মামলার […] The post ‘লেডি মীর জাফর’ বলায় ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিনের নালিশ first appeared on Sarabangla | Breaking News

‘লেডি মীর জাফর’ বলায় ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিনের নালিশ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০০  

ঢাকা: ফেসবুকে নিজেকে ‘লেডি মীর জাফর’ উল্লেখ করে পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটন-এর বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি তুলে ধরেন তিনি।

এদিন হাইকোর্টের কার্যতালিকায় থাকা একটি মামলার আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত হন রুমিন ফারহানা। ওই বেঞ্চে রাষ্ট্রপক্ষে দায়িত্বে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটন।

মামলাটি শুনানির জন্য উঠলে রুমিন ফারহানা ডিএজি ছোটনের ফেসবুক পোস্টটি আদালতের নজরে আনেন। তিনি আদালতকে বলেন, তার প্রতি ক্ষোভ থেকে ডিএজি ওই পোস্ট করেছেন। এ কারণে তার কোনো মামলায় যেন তিনি রাষ্ট্রপক্ষে শুনানি না করেন আদালতের কাছে সেই আবেদন জানান রুমিন।

রুমিন ফারহানা বলেন, ডিএজি তার মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করলে ব্যক্তিগত ক্ষোভের কারণে তার বিপক্ষে বক্তব্য দিতে পারেন। এতে তার মক্কেল ক্ষতিগ্রস্ত হতে পারেন।

পরে আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে ওই কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেন-কে মামলাটির শুনানি করতে বলেন।

শুনানিতে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেন আদালতকে জানান, মামলার আসামি একজন অভ্যাসগত অপরাধী। এর আগেও তার বিরুদ্ধে ইয়াবা-সংক্রান্ত ১১টি মামলা রয়েছে। পরে আদালত মামলাটির শুনানি অবকাশের পর করবেন বলে আদেশ দেন।

এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটন-এর বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

অভিযোগে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ১১ সেপ্টেম্বর তাকে লক্ষ্য করে আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে তাকে ‘লেডি মীর জাফর’ উল্লেখ করে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রুমিনের দাবি, একজন সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ শুধু একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক নয়, একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকেও ক্ষতিগ্রস্ত করে।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। তাই রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

The post ‘লেডি মীর জাফর’ বলায় ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিনের নালিশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.