১৪ আগস্ট আশুলিয়ায় বসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’ বাংলাদেশ পর্ব
যুক্তরাষ্ট্রভিত্তিক পেগাসাস টেক ভেঞ্চারসের উদ্যোগে ১০০টিরও বেশি দেশে অনুষ্ঠিত হয় স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ। ১৪ আগস্ট, বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আশুলিয়া ক্যাম্পাসে বসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’ এর বাংলাদেশ পর্ব। প্রতিযোগিতায় দেশ সেরা ১৫টি স্টার্টআপ প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ পর্বে বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ৫০ হাজার টাকার বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকোতে অনুষ্ঠেয় স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের গ্লোবাল ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার টিকিট। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে চূড়ান্ত পর্বে সেরা দল পাবে ১০ লাখ মার্কিন ডলার।
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পর্বের চূড়ান্ত আসরে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার উইলিয়াম রিচার্ট, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক নওশাদ মুস্তাফা, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শওকাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিউদ্দিন আহমেদ ও অধ্যাপক রকিবুল কবির এবং এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ নাসির।
বিশেষ অতিথি থাকবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম আর কবির এবং সহ–উপাচার্য মোহাম্মদ মাসুম ইকবাল।
বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ পর্বের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান। এবং ধরে ন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর আশিক খান।



