ভেটেরিনারি স্বাস্থ্যসেবা প্রযুক্তিতে গুরুত্ব

এমভিএসএ-এর ১৯৭ সদস্যের নতুন কমিটি অনুমোদন

  • মো. রফিকুল হাসান রাকিব সভাপতি ও মো. নাইমুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত
  • জুনোটিক রোগ প্রতিরোধ এবং বায়োসিকিউরিটি জনসচেতনতায় আধুনিক ভেটেরিনারি বিজ্ঞান প্রয়োগে প্রত্যয়
  • সর্বোচ্চ চুয়ান্ন জন প্রতিনিধিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠিত

এমভিএসএ-এর ১৯৭ সদস্যের নতুন কমিটি অনুমোদন
১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫১  

প্রাণী চিকিৎসা প্রযুক্তি, বায়োসিকিউরিটি ব্যবস্থাপনা এবং জুনোটিক রোগ নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এমভিএসএ) ২০২৬-২০২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) আহ্বায়ক ও ময়মনসিংহ ভেটস ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. শফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভার সিদ্ধান্ত এবং উপদেষ্টা পরিষদের সর্বসম্মতিক্রমে ১৯৭ সদস্যবিশিষ্ট এই তৃতীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই নতুন পর্ষদ আগামী এক বছর সংগঠনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিকুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. নাইমুর রহমান। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মেহেদী হাসান। দফতর সম্পাদক হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাজ ইমতিয়াজ পৃথিল এবং প্রচার সম্পাদক হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের সাজিদ জোবায়ের।

কার্যনির্বাহী এই কমিটিতে ২০ জন সহসভাপতি, ৩২ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এর বাইরে সহ-সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

১৯৭ সদস্যের কমিটিতে সর্বোচ্চ প্রতিনিধিত্ব রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের; প্রতিষ্ঠানটি থেকে ৫৪ জন শিক্ষার্থী কমিটিতে স্থান পেয়েছেন, যা মোট সদস্যের প্রায় ২৭ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ জন সদস্য রয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এবং তৃতীয় সর্বোচ্চ ২১ জন যুক্ত হয়েছেন গণ বিশ্ববিদ্যালয় থেকে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, এমভিএসএর অন্যতম লক্ষ্য ময়মনসিংহের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করা। শিক্ষার্থীদের আধুনিক বায়োমেডিক্যাল ও ক্লিনিক্যাল দক্ষতা বিকাশের পাশাপাশি প্রান্তিক এলাকায় বিনামূল্যে উন্নত প্রাণিচিকিৎসা সেবা প্রদান, আধুনিক নজরদারির মাধ্যমে জুনোটিক রোগ প্রতিরোধ এবং কমিউনিটি পর্যায়ে বায়োসিকিউরিটি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির টেকনিক্যাল কার্যক্রম অব্যাহত থাকবে।
//ডিবিটেক/এএইচবি/এসই/ইআইসি//