ষষ্ঠ-দশমের বইয়ে এআই-রোবোটিক্সে গুরুত্ব দেওয়া হচ্ছে: মাহ্দী আমিন

ঢাকা: আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে তিনি এ কথা […] The post ষষ্ঠ-দশমের বইয়ে এআই-রোবোটিক্সে গুরুত্ব দেওয়া হচ্ছে: মাহ্দী আমিন first appeared on S

ষষ্ঠ-দশমের বইয়ে এআই-রোবোটিক্সে গুরুত্ব দেওয়া হচ্ছে: মাহ্দী আমিন
১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে কাজ চলছে। শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নয়, উচ্চশিক্ষা পর্যায়েও বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বর্তমান আন্তঃসংযুক্ত বিশ্বে স্টেমের চারটি বিষয় পরস্পরের পরিপূরক। বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী নাগরিক গড়ে তুলতে এর সমন্বয় গুরুত্বপূর্ণ।

দেশের শিক্ষা ব্যবস্থাকে বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠানের কারিকুলামে কীভাবে কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত গবেষণা হলে সেখান থেকে উদ্ভাবন, স্টার্টআপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মূলধারায় নিয়ে আসার কথা জানিয়ে মাহ্দী আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত এটি বাধ্যতামূলক করা হবে। দেশের যে প্রান্তের বা যে স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানই হোক, শিক্ষার্থীদের এই শিক্ষা সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, প্রাথমিক স্তরেও কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস ও কালচার’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’সহ নতুন বিষয় যুক্ত হচ্ছে। শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে।

দেশীয় তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের বড় শিল্পপ্রতিষ্ঠান ও ‘ইউনিকর্ন’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশি তরুণরা বিশ্বমানের। উপযুক্ত প্ল্যাটফর্ম ও পৃষ্ঠপোষকতা পেলে তারা বিশ্বজয় করতে পারে। ‘ব্রেন ড্রেন’ রোধ করে সেটিকে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তর করতে চায় সরকার।

ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদারে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার অব এক্সিলেন্স’ গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি। এসব কেন্দ্র প্রযুক্তি হস্তান্তর, প্রায়োগিক গবেষণা, অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে শিল্প খাতের সেতুবন্ধন তৈরি করবে।

সেমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান এস কিয়াং কো, আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিমসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

The post ষষ্ঠ-দশমের বইয়ে এআই-রোবোটিক্সে গুরুত্ব দেওয়া হচ্ছে: মাহ্দী আমিন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.