প্রাইভেসি ডিসপ্লেসহ বিশ্বের প্রথম তিন ভাঁজের ফোন আনলো হুয়াওয়ে
ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোনের বিশ্ববাজারে নিজেদের প্রভাব ধরে রাখতে নতুন চমক নিয়ে এসেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের সর্বশেষ তিন ভাঁজের হ্যান্ডসেট ‘মেট এক্সটি২’। বিল্ট-ইন প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার বিশেষ ডিসপ্লে সুবিধা সংবলিত এটিই বিশ্বের প্রথম ট্রাই-প্যানেল ফোল্ডেবল স্মার্টফোন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ফোনটি আনুষ্ঠানিকভাবে বাজারে বিক্রি শুরু হবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
নকশা ও উন্নত ডিসপ্লে প্রযুক্তি
২০২৪ সালে বাজারে আসা এর আগের সংস্করণটির তুলনায় নতুন মেট এক্সটি২ মডেলে বিশেষ হিঞ্জ বা কৌশলগত ভাঁজ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, যা এর পর্দাকে ভেতরের দিকে ভাঁজ হতে সাহায্য করে। ভাঁজ করা অবস্থায় ফোনটিতে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে পাওয়া যাবে, যা পুরোপুরি খুললে থ্রি-কে রেজ্যুলুশনের একটি বিশাল ১০.২ ইঞ্চি পর্দায় পরিণত হয়। অপারেটিং সিস্টেম হিসেবে এতে হুয়াওয়ের নিজস্ব ‘হারমোনি ওএস’ ব্যবহার করা হয়েছে।
শক্তিশালী প্রসেসর ও চোখধাঁধানো ক্যামেরা
গতির দিক থেকে ডিভাইসে বড় উন্নয়ন এনেছে হুয়াওয়ে। মেট এক্সটি২ মডেলে যুক্ত করা হয়েছে সর্বাধুনিক ‘কিরিন ৯০৫০ প্রো’ প্রসেসর।
প্রতিষ্ঠানটির দাবি, আগের মেট এক্সটি মডেলের তুলনায় নতুন এই চিপসেট প্রায় ৪২ শতাংশ দ্রুত গতিতে কাজ করতে সক্ষম। চমৎকার ছবি তোলার জন্য এতে দেওয়া হয়েছে চারটি শক্তিশালী ক্যামেরা। এর পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি রয়েছে ৪০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩.৫ এক্স অপটিক্যাল জুম সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা।
এ ছাড়া ভিডিও কল ও সেলফির জন্য অভ্যন্তরীণ পর্দায় দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
সংস্করণ ও দাম
সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এই প্রিমিয়াম স্মার্টফোনের শুরুর সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯,৯৯৯ ইউয়ান, যা প্রায় ২,৯৮০ মার্কিন ডলার। এর সবকটি সংস্করণেই ১৬ জিবি র্যাম থাকছে।
তবে ১ টিবি স্টোরেজের সাথে বিশেষ প্রাইভেসি ডিসপ্লেযুক্ত সংস্করণটি কিনতে খরচ করতে হবে ২৪,৯৯৯ ইউয়ান বা প্রায় ৩,৭২৫ ডলার।
এছাড়া ২ টিবি স্টোরেজ সম্বলিত একটি বিশেষ 'কালেক্টরস এডিশন' আনা হয়েছে, যার মূল্য ২৯,৯৯৯ ইউয়ান বা প্রায় ৪,৪৭০ মার্কিন ডলার।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই ট্রাই-পোল্ড ফোনটি এখনই যুক্তরাষ্ট্রের বাজারে চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





