সচিব পদায়নে বিপিপিএ’র প্রধান নির্বাহী হলেন আবু সাঈদ মো. কামরুজ্জামান

সচিব পদায়নে বিপিপিএ’র প্রধান নির্বাহী হলেন আবু সাঈদ মো. কামরুজ্জামান
২৮ জুলাই, ২০২৬ ১২:০৪  

তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে আইসিটি বিভাগের সচিবকে ভারমুক্ত করা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালককে সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তন এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের আদেশ দেয়।

২৮ জুলাই জারি করা এরই একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব থেকে আবু সাঈদ মো. কামরুজ্জামান-কে সচিব পদে পদায়নের মাধ্যমে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  প্রশাসন, ডিজিটাল নিরাপত্তা, ই-গভর্ন্যান্স এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। আইসিটি বিভাগে থাকাকালীন তিনি এই এজেন্সির মহাপরিচালক (ডিজি) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় সাড়ে তিন মাস এই পদে দায়িত্ব পালনের পর ২০২৫ সালের মে মাসের শেষের দিকে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিযুক্ত হন। ২০২৬ সালের জানুয়ারি মাসে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আজ পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন বিসিএস ১৮তম ব্যাচের এই কর্মকর্তা।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল প্রশাসন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ এবং সরকারি ক্রয় ব্যবস্থাপনার মতো কৌশলগত খাতে এই রদবদল সরকারের প্রযুক্তিনির্ভর সুশাসন ও প্রশাসনিক দক্ষতা আরও শক্তিশালী করার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
//ডিবিটেক/এসএমই/এমএনএ//