মহাকাশে স্পেসএক্সের মুখোমুখি অ্যামাজন, মোবাইলে মিলবে স্যাটেলাইট ইন্টারনেট

মহাকাশে স্পেসএক্সের মুখোমুখি অ্যামাজন, মোবাইলে মিলবে স্যাটেলাইট ইন্টারনেট
২৮ জুলাই, ২০২৬ ১৭:০৬  
২৮ জুলাই, ২০২৬ ১২:১৮  

বিশ্বজুড়ে সরাসরি স্মার্টফোনে উচ্চগতির ইন্টারনেট ও যোগাযোগ সেবা পৌঁছে দিতে নতুন মহাপরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। তাদের উপগ্রহভিত্তিক সংযোগ বিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান ‘অ্যামাজন লিও’ মহাকাশের নিম্ন কক্ষপথে অতিরিক্ত ৫,১০৫টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে।

সরাসরি মোবাইলে ভয়েস, মেসেজিং ও জরুরি সেবা
অ্যামাজন লিওর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৮ সাল থেকে নিম্ন কক্ষপথে এই দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইটগুলো পাঠানো শুরু হবে। মোবাইল টাওয়ারের নেটওয়ার্কের বাইরে থাকা দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে সরাসরি সাধারণ স্মার্টফোন এবং অন্যান্য মোবাইল ডিভাইসে ভয়েস কল, খুদে বার্তা, মোবাইল ডেটা এবং জরুরি মুহূর্তের যোগাযোগ সেবা প্রদান করাই এই প্রজেক্টের প্রধান লক্ষ্য।

প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত ৩৯০টিরও বেশি ব্রডব্যান্ড স্যাটেলাইট মহাকাশে সক্রিয় রয়েছে। চলতি বছরের শেষের দিকে তারা ‘ফিক্সড সার্ভিস’ চালুর পরিকল্পনা করেছে। ইতোমধ্যেই ভোডাফোন, ডিরেক্টটিভি, হিরোটেল এবং অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কের মতো আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্ব চুক্তি নিশ্চিত করেছে অ্যামাজন।

স্পেসএক্সের সাথে প্রতিযোগিতা ও আইনি লড়াই
এই স্যাটেলাইট নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে অ্যামাজন সরাসরি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের মুখোমুখি দাঁড়িয়েছে। চলতি বছরের শুরুর দিকে মহাকাশে প্রায় ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি চেয়ে এফসিসির কাছে আবেদন করে স্পেসএক্স। তবে অ্যামাজন এফসিসিকে সেই আবেদন প্রত্যাখ্যান করার অনুরোধ জানিয়ে দাবি করে, স্পেসএক্সের এই আবেদনটি বাস্তবসম্মত কোনো পরিকল্পনা নয়, বরং কাল্পনিক উচ্চাকাঙ্ক্ষা মাত্র।

অ্যামাজনের এমন আপত্তির কড়া জবাব দিয়েছেন এফসিসির চেয়ারম্যান ব্রেনডান কার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উল্লেখ করেন যে, অন্য প্রতিষ্ঠানের আবেদনে বাধা বা পিটিশন না দিয়ে অ্যামাজনের উচিত তাদের নিজস্ব স্যাটেলাইট প্রকল্পের দিকে মনোযোগ দেওয়া। সব মিলিয়ে মহাকাশভিত্তিক সরাসরি মোবাইল সেবার বাজারে প্রযুক্তি দানবদের প্রতিযোগিতা এখন চূড়ান্ত রূপ নিচ্ছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট