চতুর্থ শিল্পবিপ্লবে টেকসই উন্নয়নে গণিত চর্চার ওপর ভাইস-চ্যান্সেলরের জোর

চুয়েটে অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে সেমিনার

  • চুয়েটে অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে সেমিনার অনুষ্ঠিত
  • চতুর্থ শিল্পবিপ্লবের যুগে টেকসই প্রযুক্তিগত উন্নয়নে গণিত দক্ষতার তাগিদ
  • গণিতভিত্তিক গবেষণা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা অর্জনের আহ্বান

চুয়েটে অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে সেমিনার
২৭ জুলাই, ২০২৬ ১২:১৪  
২৮ জুলাই, ২০২৬ ১১:৪৩  

দেশপ্রেম ও মানবকল্যাণ জামাল নজরুল ইসলামের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। নিজের উপার্জনের একটি অংশ তিনি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার জন্য ব্যয় করতেন। একজন প্রকৃত শিক্ষকের এই মানবিক দৃষ্টান্ত সকলের জন্য অনুসরণীয়। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে গণিতের দক্ষতা ছাড়া টেকসই প্রযুক্তিগত উন্নয়ন কল্পনা করা যায় না। তাই শিক্ষার্থীদের শুধু গণিত শেখাই নয়, বরং গণিতভিত্তিক গবেষণা, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি এবং উদ্ভাবনী সক্ষমতা অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রি-ইঞ্জিনিয়ারিং ভবনের ভিডিও কনফারেন্স রুমে গণিত বিভাগের উদ্যোগে আয়োজিত "জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল" সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। আজ সোমবার, ২৭ জুলাই ২০২৬ সকালে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম।

কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো: সরওয়ার আলম।

গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক সমেন বৈরাগী। সেমিনারে স্পন্সর হিসেবে ছিল বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং সার্বিক সহযোগিতায় ছিল চুয়েট ম্যাথ ক্লাব ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ম্যাথ ক্লাব।
//ডিবিটেক/ এআইএম/এসএমই//