টেকসই ও সবুজ প্রযুক্তিতে ওয়ালটনের স্বীকৃতি

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

  • • পরিবেশ সংরক্ষণ, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও জলবায়ু কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি
  • • জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক ও ইএসজি ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে পুরস্কৃত
  • • নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও শক্তি-সংরক্ষণে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ওয়ালটন
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৯  

শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং পরিবেশবান্ধব টেকসই পণ্য উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩টি ক্যাটাগরিতে 'ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬' অর্জন করেছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (জিসিএনবি) এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনকে ‘এক্সিলেন্স ইন অকিউপাশনাল হেলথ অ্যান্ড সেফটি ইমপ্রুভমেন্ট’, ‘এক্সিলেন্স ইন চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন’ এবং ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবল প্রোডাক্ট ইনোভেশন’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

৫ সেপ্টেম্বর, শনিবার রাতে রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের পক্ষে চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন ও মো. মোস্তাফিজুর রহমান এবং ইএইচএস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু উপস্থিত ছিলেন। এছাড়া ডেনমার্ক ও সুইডেনসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়ন, জিসিএনবি ও ইএসজি ইনস্টিটিউটের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেকের এএমডি মো. ইউসুফ আলী জানান, টেকসই উন্নয়ন ব্যবসার একটি অবিচ্ছেদ্য অংশ। কারখানায় পরিবেশবান্ধব সবুজ প্রযুক্তি প্রতিষ্ঠা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে ওয়ালটন কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাপনা, নিয়মিত প্রশিক্ষণ, এনার্জি এফিশিয়েন্সি এবং পরিবেশবান্ধব মেটেরিয়ালস ব্যবহারের স্বীকৃতি হিসেবেই এই অর্জন।

এর আগে চলতি বছর বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিসহ তিনটি ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন করে ওয়ালটন। 
//ডিবিটেক/ডব্লিউএসএম/ এমআইএস/ /এমএনও//