বাংলাদেশ সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৬: ২৫ জুলাই নভোথিয়েটারে দ্বিতীয় আসর
- বাংলাদেশ সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR Summit ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ, গবেষণা ও দক্ষ জনবল উন্নয়নে গুরুত্ব
- বৈশ্বিক মূল্যশৃঙ্খলে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা
দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে বৈশ্বিক মূল্যশৃঙ্খলে যুক্ত করা, দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আগামী ২৫ ও ২৬ জুলাই রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR Summit 2026-এর দ্বিতীয় আসর। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩ জুলাই, বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের সেমিকন্ডাক্টর শিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক বাজারে অংশগ্রহণের সম্ভাবনা, গবেষণা ও উদ্ভাবন, দক্ষ জনবল উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে আলোচনা হবে।
উদ্বোধনী অধিবেশনের পর দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গবেষক, শিল্প উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর শিল্পায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন।
সংবাদ সম্মেলনে বিএসআইএ সভাপতি ও ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, সহ-সভাপতি ও মার্স সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক এম. ই. চৌধুরী শামীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মেলনের আহ্বায়ক, বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স বিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তাফা হুসেইন।
বিএসআইএ জানায়, সম্মেলনে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পখাতের অগ্রগতি, শিল্পে বিনিয়োগের সুযোগ, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং বৈশ্বিক সাপ্লাই চেইনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার রূপরেখা তুলে ধরা হবে। পাশাপাশি শিল্পখাতের বিকাশে সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
//ডিবিটেক/এসএমই/এমআইএস//





