যবিপ্রবিতে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা, ‘গ্রিন ক্যাম্পাস’ গঠনে জোর
যবিপ্রবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপন উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘গ্রিন ক্যাম্পাস’ গঠনে জোর দিয়েছেন উপাচার্য।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়জুড়ে বছরব্যাপী বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
২০ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
কর্মসূচির সূচনা হয় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, একজন মানুষ তার জীবনকালে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করেন, তা গড়ে প্রায় ৭০টি গাছ উৎপাদন করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে প্রত্যেকের জীবনে অন্তত ১০০টি গাছ রোপণ করা উচিত।
তিনি বলেন, যবিপ্রবি শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং চারা সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে পুরো ক্যাম্পাসকে একটি আধুনিক ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। মূল ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসেও পর্যায়ক্রমে ব্যাপক সবুজায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বৃক্ষরোপণ কোনো একদিনের কর্মসূচি নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাই বিশ্ববিদ্যালয়ে বছরজুড়েই পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম চলবে।
তিনি বলেন, ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা গেলে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের পাশে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে নিমগাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেন উপাচার্য ও উপ-উপাচার্য। পরে অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
//ডিবিটেক/এমএনএইচ/সম্পাদনা//





