ফ্রিল্যান্সারদের আয়ে উৎসে কর প্রত্যাহার, কাটা টাকা ফেরত দিচ্ছে ডাচ-বাংলা ব্যাংক
দেশের তথ্যপ্রযুক্তি (আইটি) ও ফ্রিল্যান্সিং খাতের বিকাশ এবং তরুণদের উৎসাহিত করতে ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে আসা আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ হারে উৎসে কর কাটার নিয়ম পুরোপুরি বন্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার পর বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ইতোমধ্যে ফ্রিল্যান্সিং আয়ের ওপর থেকে উৎসে কর কর্তন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয় বা রেমিট্যান্সের ওপর ৭.৫ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছে—এমন অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি সরকারের নজরে আসলে গত ১ জুন সচিবালয়ে কনটেন্ট ক্রিয়েটর ও ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর আরোপ না করার স্পষ্ট আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ও দ্রুত হস্তক্ষেপের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় ব্যাংকগুলো ফ্রিল্যান্সিং রেমিট্যান্সের ওপর কর কর্তন বন্ধের প্রক্রিয়া শুরু করে। এরই অংশ হিসেবে সবার আগে ৫ জুন,শুক্রবার ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করা হয়।
ডাচ-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ তা বাস্তবায়নে কাজ শুরু করেছে। এখন থেকে কোনো ফ্রিল্যান্সারের আইটি রেমিট্যান্স থেকে সাড়ে ৭ শতাংশ উৎসে কর কাটা হবে না। একই সঙ্গে তিনি আরও একটি বড় সুখবর দিয়ে জানান, এই নিয়ম কার্যকর হওয়ার আগে ইতোমধ্যে যেসব ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে কর বাবদ টাকা কেটে নেওয়া হয়েছে, সেই অর্থ কীভাবে দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া যায়, সে বিষয়েও ব্যাংক বিশেষ কার্যক্রম শুরু করেছে।
খাত সংশ্লিষ্ট ও প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্ত এবং ব্যাংকের দ্রুত উদ্যোগের ফলে দেশের ফ্রিল্যান্সিং খাত বড় ধরনের সংকট থেকে রক্ষা পেল। এর ফলে বৈধ চ্যানেলে বা ব্যাংকিং মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স আসার প্রবাহ আরও বাড়বে, যা দেশের সার্বিক অর্থনীতি ও আইটি খাতের টেকসই প্রবৃদ্ধিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
//ডিবিটেক/ এসআই/ ইকে//





