ঈদের আগে এটিএম বুথে নগদ টাকার সংকট, চরম ভোগান্তিতে গ্রাহক

ঈদের আগে এটিএম বুথে নগদ টাকার সংকট, চরম ভোগান্তিতে গ্রাহক
২৪ মে, ২০২৬ ১৭:১৫  

কোথাও টাকা শেষ, কোথাও ‘আউট অব সার্ভিস’, আবার কোথাও সচল বুথগুলোতে টাকা তুলতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে রাজধানীর বিভিন্ন এটিএম বুথে নগদ অর্থের তীব্র সংকট এবং কারিগরি ত্রুটি দেখা গেছে।

২৪ মে, রবিবার ঈদের ছুটির শেষ দিন সকালে  নগদ অর্থ উত্তোলনের বাড়তি চাপে ভেঙে পড়ে অনেক ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) নেটওয়ার্ক। ফলে ঈদের প্রয়োজনীয় খরচ মেটাতে শেষ মুহূর্তে এসে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঢাকার বিভিন্ন স্থানের একাধিক বুথ থেকে গ্রাহকদের কাছ থেকে এই অভিযোগ পাওয়া গেছে। 

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের দীর্ঘ ছুটির মুখে পড়েছে দেশের ব্যাংক খাত। তবে এই ছুটির আগেই রাজধানীর রামপুরা, মতিঝিল, মগবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার বুথগুলো ঘুরে দেখা গেছে, বেশিরভাগ বুথই অল্প সময়ে টাকাশূন্য হয়ে পড়েছে। মতিঝিলে সেনা কল্যাণ সংস্থার ভবনের নিচে ট্রাস্ট ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের বুথে টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকেরা। শুধু এটিএম বুথ নয়, মগবাজারে উত্তরা ব্যাংকসহ কিছু ব্যাংকের মূল শাখাতেও ক্যাশ কাউন্টারে নগদ অর্থের ঘাটতি দেখা গেছে, যেখানে গ্রাহকদের অন্য শাখা থেকে টাকা তোলার পরামর্শ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশনা থাকা সত্ত্বেও এই ডিজিটাল ও ক্যাশ সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংক সব তফসিলি ব্যাংকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ করেছে। কোনো ব্যাংকই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা না পেয়ে ফিরে যায়নি; তাই কোনো ব্যাংক যদি নিজস্ব বুথ ও শাখায় অর্থ সরবরাহে ব্যর্থ হয়, তবে সেটি তাদের নিজস্ব অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ত্রুটি। তিনি আরও বলেন, ঈদের ছুটিতে এটিএম বুথ, পিওএস, ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নিরবচ্ছিন্ন রাখতে গত বৃহস্পতিবারেই সার্কুলার জারি করা হয়েছে। কোনো ব্যাংক গ্রাহকসেবায় অবহেলা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, টানা ছুটির মধ্যেও গ্রাহকসেবা সচল রাখতে আগামী শনিবার ব্যাংকের সব শাখা ও উপশাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/ডিবিটেক/এমআর/ইকে