সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী
বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ৬ জুন, শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ অনুষ্ঠিত ‘বাংলাদেশে ভুয়া সংবাদ প্রতিরোধ: নীতিমালা, প্রযুক্তি ও জবাবদিহিতা’ শীর্ষক এক রাউন্ড টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রযুক্তিনির্ভর এই যুগে বিশ্ব দ্রুত মেধা ও জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত হওয়ায় দেশের সার্বিক সুরক্ষায় সরকার ডিজিটাল নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি জানান।
ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) আয়োজিত এই বৈঠকে তথ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশে দীর্ঘদিন ধরে ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্যের সমস্যা নিয়ে আলোচনা হলেও এখন আর শুধু সমস্যা চিহ্নিত করার মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ নেই; বরং এটি প্রতিরোধে কার্যকর প্রযুক্তিগত ও আইনি সমাধান বাস্তবায়নের সময় এসেছে। তিনি সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় স্বার্থে শুধু সমস্যা তুলে না ধরে সরকারের কাছে বাস্তবসম্মত ও প্রযুক্তিভিত্তিক সমাধানের প্রস্তাব দিন, যাতে তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনআইসিটিএফ-এর ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ মীর্জা।
স্মার্ট ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াদ হাসনাইনের সঞ্চালনায় মুক্ত আলোচনায় গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা ভুয়া তথ্যের বাণিজ্যিকীকরণের দিকটি তুলে ধরেন। একাত্তর টিভির ‘ফেইক নিউজ স্ক্যানার’ অনুষ্ঠানের সম্পাদক রাকিব হাসান জানান, দেশে গুজব ও মিসইনফরমেশন এখন একটি পরিকল্পিত বাণিজ্যিক কার্যক্রমে পরিণত হয়েছে, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করে ফলোয়ার বাড়ানো এবং পরে আর্থিক লাভের উদ্দেশ্যে সেই প্ল্যাটফর্ম বিক্রি করার প্রবণতা তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে একটি স্বতন্ত্র ‘ফ্যাক্টচেকিং ইউনিট’ বা তথ্য যাচাইকরণ সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এনআইসিটিএফ-এর সভাপতি রাফেল কবিরের সভাপতিত্বে এই নীতি-নির্ধারণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। এছাড়া অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিজনেস স্কুলের 'বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাপ্লায়েড এআই' বিভাগের অধ্যাপক ড. শাহ জে মিয়া ও এনআইসিটিএফ উপদেষ্টা ড. মারুফ মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যম, আইটি খাত ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভুয়া সংবাদ প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারের তাগিদ দেন।
//ডিবিটেক/ এমএস/ ইকে//





