ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই প্রযুক্তি আনছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক

ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের ‘কমার্শিয়াল গ্রাফ’ ডাটাবেস যুক্ত হচ্ছে অ্যান্থ্রোপিকের ক্লড এআই-এর সাথে। এর ফলে ডি-ইউ-এন-এস নম্বরের মাধ্যমে স্বয়ংক্রিয় হবে কেওয়াইসি ও অনবোর্ডিং কমপ্লায়েন্স।

ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই প্রযুক্তি আনছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
২ জুন, ২০২৬ ১৪:৩০  

বিশ্বজুড়ে করপোরেট সুশাসন ও তথ্যপ্রযুক্তির মেলবন্ধনে এক নতুন দিগন্তের সূচনা করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করার ঘোষণা দিয়েছে বৈশ্বিক ডাটা জায়ান্ট ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট এবং এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যান্থ্রোপিক।

২ জুন, মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, এই যৌথ উদ্যোগের আওতায় ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের বিস্তৃত পরিসরের ব্যবসায়িক ডাটাবেস ‘কমার্শিয়াল গ্রাফ™’ (Commercial Graph™) সরাসরি অ্যান্থ্রোপিকের জনপ্রিয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘ক্লড’ (Claude)-এর সাথে যুক্ত করা হবে। এটিকে অত্যন্ত সুরক্ষিত এবং নিখুঁত ডেটা অ্যানালিটিক্সের এই অভিনব সমন্বয় বিভিন্ন ক্লায়েন্ট প্রতিষ্ঠানের অনবোর্ডিং ও কমপ্লায়েন্স কার্যক্রমে এক অভূতপূর্ব গতি ও নতুন মাত্রা যোগ করবে বলে দাবি করা হচ্ছে।

প্রথাগত করপোরেট অনবোর্ডিং কার্যক্রমে এতদিন যাবত জটিল ম্যানুয়াল যাচাই-বাছাই ও দীর্ঘমেয়াদি আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হতো, যা ব্যবসা শুরুর গতিকে অনেকটাই মন্থর করে দিত। বলা হচ্ছে- নতুন এই যুগান্তকারী সংযুক্তির ফলে আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন নিয়ন্ত্রিত খাতের সংস্থাগুলো একই প্ল্যাটফর্মে ‘নো ইউর কাস্টমার’ (KYC) এবং ‘নো ইউর বিজনেস’ (KYB) কার্যক্রম সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে। এই ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে বিশ্বব্যাপী স্বীকৃত ও অনন্য ‘ডি-ইউ-এন-এস® নম্বর’ (D-U-N-S® Number), যা বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট ও একক পরিচয়ের মাধ্যমে নিখুঁতভাবে শনাক্ত করতে এবং বৈশ্বিক মানদণ্ডে সাজাতে সাহায্য করে। বিশ্লেষকদের মতে, এই সহযোগিতা এন্টারপ্রাইজ পরিচালনায় সম্পূর্ণ তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ওয়ার্কফ্লোর দিকে বৈশ্বিক অগ্রযাত্রার একটি বড় এবং কার্যকর অংশ।

এই সমন্বিত প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকার গ্রুপ ডিরেক্টর (প্রোডাক্টস) নওমান লাখানি বলেন, “এই সহযোগিতার মূল লক্ষ্য হলো নির্ভরযোগ্য ব্যবসায়িক তথ্যের সঙ্গে এআইকে সংযুক্ত করা, যাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি কার্যকরভাবে ব্যবহার করা যায়। যাচাইকৃত তথ্য সরাসরি ওয়ার্কফ্লোতে যুক্ত হলে আমাদের ক্লায়েন্ট প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী গভর্ন্যান্স নিশ্চিত করতে এবং অধিক স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।”

বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে ডিজিটাল প্রযুক্তির অভূতপূর্ব বিস্তার এবং আর্থিক অন্তর্ভুক্তি বা ফিনটেক সেবার পরিধি দ্রুত বাড়তে থাকায় এই ধরণের এআই-নির্ভর স্মার্ট কমপ্লায়েন্স কাঠামোর গুরুত্ব দিন দিন বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। দেশের তথ্যপ্রযুক্তি ও করপোরেট খাতের বিশেষজ্ঞদের মতে, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিকের এই সমন্বিত প্রযুক্তি দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক আস্থা বাড়াতে বুস্ট-আপ হিসেবে কাজ করবে। একই সাথে এটি বৈশ্বিক বাজারের পরিবর্তনশীল ও জটিল কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্কের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সহজে খাপ খাইয়ে নিতে এবং জালিয়াতিমুক্ত একটি স্বচ্ছ ডিজিটাল ইকোসিস্টেম বিনির্মাণে অত্যন্ত যুগান্তকারী ভূমিকা রাখবে।

/ডিবিটেক/ আরআই/ এমইউআইএম/