২০ মে থেকে বছরব্যাপী বড় ধরনের ছাঁটাই শুরু করবে মেটা

২০ মে থেকে বছরব্যাপী বড় ধরনের ছাঁটাই শুরু করবে মেটা
১৯ এপ্রিল, ২০২৬ ২০:২৪  

প্রযুক্তি জায়ান্ট মেটা (মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান) আগামী ২০ মে থেকে চলতি বছরের প্রথম দফা বড় ছাঁটাই কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সংস্থাটির ভেতরের সূত্রে জানা গেছে, প্রথম ধাপে বিশ্বব্যাপী তাদের মোট কর্মীর ১০ শতাংশ বা প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে। এর পাশাপাশি ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে আরও ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির ।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা তাদের ব্যবসায়িক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি নিজেদের পুনরায় সাজাচ্ছে। এআই প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো এবং ব্যবস্থাপনার স্তর কমিয়ে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

এই ছাঁটাই প্রক্রিয়া শেষ পর্যন্ত ২০২২ ও ২০২৩ সালের ‘দক্ষতার বছর’ কর্মসূচির চেয়েও বড় আকার ধারণ করতে পারে। ওই সময় প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে মেটার কর্মী সংখ্যা ছিল প্রায় ৭৯ হাজার।

এআই-কে কেন্দ্র করে কর্মী ছাঁটাই শুধু মেটার মধ্যেই সীমাবদ্ধ নয়। অ্যামাজন সম্প্রতি ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করেছে, যার কারণ হিসেবেও এআই প্রযুক্তির কথা বলা হয়েছে। আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লকও তাদের অর্ধেক কর্মী ছাঁটাই করেছে।

বিশ্বব্যাপী প্রযুক্তিখাতে চাকরি হারানোর এই ধারা অব্যাহত থাকছে। লেঅফস ডট এফওয়াইআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি প্রযুক্তি কর্মী চাকরি হারিয়েছেন। অথচ ২০২৪ সালে পুরো বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৫৩ হাজার।

সংস্থাটির ভেতরে পরিবর্তন আনতে বেশ কিছু কাঠামোগত সংস্কারও করা হচ্ছে। রিয়ালিটি ল্যাবস বিভাগকে পুনর্বিন্যাস করা হয়েছে এবং প্রকৌশলীদের একটি নতুন ‘অ্যাপ্লায়েড এআই’ বিভাগে স্থানান্তর করা হয়েছে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে কোড লেখা ও জটিল কাজ সম্পাদনে সক্ষম এআই এজেন্ট তৈরির কাজ চলছে। এছাড়া সম্প্রতি ‘মেটা স্মল বিজনেস’ নামে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মেটার এই সিদ্ধান্ত শুধু ব্যয় কমানোর চেয়েও বড় কিছু। প্রতিষ্ঠানটি এআই যুগের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার কৌশল হিসেবে কর্মী কাঠামো পুনর্গঠন করছে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: রয়টার্স