ফের ফ্রি পাইথন কোর্সে আবেদন শুরু
আবারও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাইথন শেখার সুযোগ দিচ্ছে বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ‘কোড ইন প্লেস’ নামে এই অনলাইন কোর্সে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অংশ নেওয়া যাবে। আগ্রহীরা শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণের পাশাপাশি দক্ষরা মেন্টর বা সেকশন লিডার হিসেবেও যুক্ত হতে পারবেন।
স্ট্যানফোর্ডের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিস পিচ ও মেহরান সাহামি-এর উদ্যোগে কোর্সটি পরিচালিত হচ্ছে। ছয় সপ্তাহের এই কোর্সে সহজভাবে পাইথন শেখানো হয়। প্রতি সপ্তাহে ভিডিও ক্লাসের পাশাপাশি একজন মেন্টরের তত্ত্বাবধানে অনলাইন রিভিউ সেশনে অংশ নিতে হয়।
নতুনদের জন্য উপযোগী এই কোর্সে কন্ট্রোল ফ্লো, কনসোল প্রোগ্রামিং, ভেরিয়েবল, গ্রাফিক্স, লিস্ট ও ডিকশনারি শেখানো হয়। কোর্স চলাকালে অনুশীলনের পাশাপাশি তিনটি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হয় এবং শেষে একটি প্রজেক্ট করার সুযোগ থাকে।
২০২৪ ও ২০২৫ সালে সেকশন লিডার হিসেবে যুক্ত থাকা ইসরাফিল শাহীন অরণ্য জানান, এই অভিজ্ঞতা তার মেন্টরিং দক্ষতা বাড়িয়েছে এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে গাইড করতে সহায়তা করেছে।
এ বিষয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর সভাপতি মুনির হাসান বলেন, আগের ব্যাচগুলোতে বাংলাদেশের অনেক শিক্ষার্থী এই কোর্স থেকে উপকৃত হয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। নির্দিষ্ট সময়সীমা ও মেন্টরশিপ থাকায় শেখার ধারাবাহিকতা বজায় থাকে।
২০২০ সালে শুরু হওয়া এই উদ্যোগে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে এবং ৫,৫০০-এর বেশি সেকশন লিড তাদের মেন্টরিং করেছেন। প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন মেন্টর রাখার মাধ্যমে কার্যকর শেখার পরিবেশ নিশ্চিত করা হয়।
শিক্ষার্থী ছাড়াও মেন্টর বা সেকশন লিডার হিসেবে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এজন্য পাইথনে লিস্ট ও ডিকশনারি পর্যন্ত দক্ষতা থাকতে হবে। নির্বাচিতদের ‘আর্ট অব কম্পিউটার সায়েন্স টিচিং’-এর ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। সেকশন লিডার হিসেবে আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৬ এবং শিক্ষার্থী হিসেবে আবেদনের শেষ তারিখ ৮ এপ্রিল ২০২৬।
ডিবিটেক/এসএফবি/ইকে



