বাজারে এলো স্যামসাংয়ের গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি

বাজারে এলো স্যামসাংয়ের গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি
১৩ মে, ২০২৬ ১৩:৪৭  

দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন মডেল গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি এবং গ্যালাক্সি এ৫৭ ফাইভ-জি এখন স্যামসাংয়ের অনুমোদিত আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ডিভাইস দুটিতে তাদের ‘অসাম ইন্টেলিজেন্স’ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভয়েস ট্রান্সক্রিপশন, এআই সিলেক্ট, অবজেক্ট ইরেজার এবং গুগলের সার্কেল টু সার্চ ফিচার।

ভয়েস ট্রান্সক্রিপশন ফিচারের মাধ্যমে ভয়েস রেকর্ডার অ্যাপে ধারণ করা কথাকে সহজেই লেখায় রূপান্তর করা যাবে। এছাড়া এআই সিলেক্ট ফিচারের সাহায্যে দ্রুত টেক্সট কপি করা সম্ভব হবে। ছবি সম্পাদনার জন্য রয়েছে অবজেক্ট ইরেজার এবং কম আলোতে উন্নত ছবি তোলার জন্য নাইটোগ্রাফি সুবিধা।

পারফরম্যান্সের দিক থেকেও ফোন দুটি বেশ শক্তিশালী। উভয় মডেলেই রয়েছে আইপি৬৮ রেটিং, যা পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেবে। এছাড়া ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি একবার চার্জে টানা দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সৈয়দ মো. বদরুল আরিফিন, স্যামসাং বাংলাদেশের মোবাইল বিজনেস বিভাগের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং অ্যান্ড আইএমসি স্ট্র্যাটেজি, বলেন—বর্তমানে একটি স্মার্টফোনের প্রকৃত মূল্য নির্ভর করে এটি ব্যবহারকারীর দৈনন্দিন কাজে কতটা সহায়ক তার ওপর।

দামের ক্ষেত্রে, গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি-এর ৮/১২৮ জিবি সংস্করণের মূল্য ৫৯ হাজার ২৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি সংস্করণের দাম ৬৭ হাজার ৭৯৯ টাকা। অন্যদিকে গ্যালাক্সি এ৫৭ ফাইভ-জি-এর ৮/২৫৬ জিবি সংস্করণের দাম ৭৮ হাজার ১৯৯ টাকা এবং ১২/২৫৬ জিবি সংস্করণের মূল্য ৮৬ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রাহকদের জন্য ‘নো কস্ট ইএমআই’ সুবিধাও থাকছে। এছাড়া মে মাসের বিশেষ অফারে ইবিএল কার্ডধারীরা ১২ মাস পর্যন্ত শূন্য সুদে কিস্তি সুবিধা এবং ইউসিবিএল কার্ডধারীরা সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

ডিবিটেক/এসআই/ইক