বিভ্রান্তি এড়াতে ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করলেন মুখ্য সচিব

বিভ্রান্তি এড়াতে ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করলেন মুখ্য সচিব
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:২৩  

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট (বন্ধ) করার সিদ্ধান্ত নিয়েছেন। ২৩ ফেব্রুয়ারি. সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে মুখ্য সচিব জানান, দেশের সাধারণ মানুষ ও গণমাধ্যমের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিনি আপাতত ব্যক্তিগত কোনও ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। তার আগের অ্যাকাউন্টগুলো ইতোমধ্যে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। 

মুখ্য সচিব উল্লেখ করেন, বর্তমানে তার কোনও সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই। সুতরাং তার নাম ও পদবী ব্যবহার করে কোনও ব্যক্তি যদি জাল বা ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে কোনও ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানোর চেষ্টা করে, তবে তার দায়ভার তিনি বহন করবেন না। এ বিষয়ে তিনি সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। 

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনও প্রয়োজনে তার দাফতরিক সূত্র বা সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ব্যবহারকারী কোনও পোস্টের দ্বারা বিভ্রান্ত না হতে তিনি অনুরোধ জানিয়েছেন। 

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী  অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব পদে নিয়োগ দেয়া হয়। তিনি এর আগে বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়াও ২৩ ফেব্রুয়ারি, সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ (সদ্য সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত ছিলেন) তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা সচিবেরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে