৬০০ প্রকৌশলীর হাজারের বেশি চিপ নকশায় ২০ বছরে উল্কসেমি
বাংলাদেশে বসেই অ্যাপলসহ বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য চিপ ডিজাইন (IC Design), সার্কিট ডিজাইন, এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের মতো উচ্চ-প্রযুক্তির কাজ করে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিস কোম্পানি উল্কাসেমি (Ulkasemi)। হাঁটি হাঁটি করে ২০ বছরে পা দিলো কোম্পানিটি।
২০০৭ সালে যাত্রা শুরু করেই এরই মধ্যে দেশের ভারত, যুক্তরাষ্ট্র এবং কানাডাতেও কার্যক্রমের বিস্তার ঘটিয়েছে। পা রাখতে যাচ্ছে জাপানে। মোবাইল ডিভাইস, স্মার্ট রাউটার, গ্রাফিক্স প্রসেসর এবং এআই (AI) চালিত প্রযুক্তি ক্ষেত্রে কাজ করছে বেশ সুনামের সঙ্গেই। ২০৩০ সালের মধ্যে ৫০০০ কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া এই সেমিকন্ডাক্টর নকশাকারি প্রতিষ্ঠানটি নামের মতোই ছুটে চলছে উল্কা বেগে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটিতে কাজ করছে ছয় শতাধিক প্রকৌশলী। তাদের হাত ধরেই হাজারের বেশি চিপের সফল নকশা করেছে বাংলাদেশী এই ডিপ-টেক প্রতিষ্ঠানটি।
১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমনটাই জানিয়েছে উল্কাসেমি কর্তৃপক্ষ। ১৮ ফেব্রুয়ারি, বুধবার ঘরোয়া আয়োজনেই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে দেশের সেমিকন্ডাক্টর খাতের পথিকৃৎ এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জানানো হয়, ১০০০ এরও বেশি চিপের সফল ডিজাইন বা ট্যাপআউট এবং ৬০০-এর অধিক দক্ষ প্রকৌশলীর কর্মসংস্থান তৈরির মাইলফলক অর্জনের কথা।
এ আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান, চেয়ারপার্সন ড. আরিফা চৌধুরী রহমান, ভিপি অব ইঞ্জিনিয়ারিং এবং ডিরেক্টররা। অনুষ্ঠানে সময়ের প্রয়োজনে বদলে যাওয়ার কথা জানান দেন মোহাম্মদ এনায়েতুর রহমান।
তিনি আরও বলেন, উল্কাসেমির প্রকৌশলীরা ১৮০ ন্যানোমিটার থেকে শুরু করে ১ দশমিক ৪ ন্যানোমিটারের মতো অতি-সূক্ষ্ম প্রযুক্তিতে কাজ করছেন। স্মার্টফোন, এআই চালিত কম্পিউটার, কিংবা জীবন রক্ষাকারী মেডিকেল ডিভাইস, এর কোনোটির চিপ হয়তো ডিজাইন করা হয়েছে ঢাকার কোনো এক ডেস্কে বসে, কোনো এক বাংলাদেশি তরুণের হাতে।
বিশ্বখ্যাত টিএসএমসি ডিজাইন সেন্টার অ্যালায়েন্স এর গ্লোবাল পার্টনার উল্কাসেমি। ১৯ বছরের এই পথচলায় উল্কাসেমির লক্ষ্য এখন আরও বড়; প্রচলিত রপ্তানির বাইরে গিয়ে বাংলাদেশকে একটি মাল্টি-বিলিয়ন ডলারের ‘ডিপ-টেক’ অর্থনীতির দেশে রূপান্তর করা। এর মাধ্যমে প্রচলিত রফতানি পণ্যের বাইরে গিয়ে উচ্চমূল্যের প্রযুক্তি-নির্ভর অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা ২০ বছরের পথচলায়।
ডিবিটেক/এসপি/ইকে







