ওয়ার্ডপ্রেস ডটকমে এলো এআই সহায়ক

ওয়ার্ডপ্রেস ডটকমে এলো এআই সহায়ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৬  

ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও হোস্টিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস ডটকম চালু করেছে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়ক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এই টুল ব্যবহারকারীদের সাধারণ ভাষায় নির্দেশ দিয়েই ওয়েবসাইটের কনটেন্ট, ডিজাইন ও ছবি পরিবর্তনের সুযোগ দেবে। খবর টেকক্রাঞ্চ।

‘ওয়ার্ডপ্রেস এআই অ্যাসিস্ট্যান্ট’ নামের এই টুল ওয়েবসাইটের ভেতরে বসে এর কনটেন্ট ও লেআউট বুঝে কাজ করবে। ফলে ব্যবহারকারী নির্দেশ দিলেই তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে পরিবর্তন দেখা যাবে। এজন্য জটিল নির্দেশনার প্রয়োজন নেই। যেমন—‘এই অংশটিকে আরও আধুনিক বা প্রশস্ত করে তুলুন’, ‘আমার সাইটের রং উজ্জ্বল করুন’, অথবা ‘আমাকে আরও ক্লিন ও প্রফেশনাল ফন্টের অপশন দিন’—এ ধরনের সাধারণ নির্দেশই কাজ করবে।

এই এআই টুল ব্যবহার করে নতুন পেজ যোগ করা যাবে, যেমন ‘একটি যোগাযোগ পেজ তৈরি করুন’ বা ‘এই অংশের নিচে একটি সাক্ষ্যপ্রমাণের অংশ যোগ করুন’। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সুবিধা শুধু ব্লক থিমের জন্য প্রযোজ্য; ক্লাসিক থিমে এটি কাজ করবে না।

কনটেন্ট সম্পাদনায়ও এআই-এর সাহায্য নেওয়া যাবে। যেমন—নিজের জীবনীকে আরও আত্মবিশ্বাসী করে লেখা, কোনো অংশ অন্য ভাষায় অনুবাদ করা, শিরোনামের পরামর্শ নেওয়া, তথ্য যাচাই এবং ব্যাকরণ সংশোধনের সুবিধা থাকছে। সম্পাদনার এই কাজটি করা যাবে ওয়ার্ডপ্রেস ৬.৯-এ যুক্ত ‘ব্লক নোটস এডিটর’-এর মাধ্যমে, যেখানে টিমের সদস্যরাও একসঙ্গে কাজ করতে পারেন। ‘@ai’ লিখে নির্দেশ দিলে এআই উত্তর দেবে, প্রাসঙ্গিক লিংক ও তথ্যসূত্রসহ।

ছবির কাজেও এআই-এর সহায়তা মিলবে। গুগল জেমিনির ‘ন্যানো বানানা’ এআই মডেল ব্যবহার করে নতুন ছবি তৈরি বা পুরোনো ছবি সম্পাদনা করা যাবে। ‘মিডিয়া লাইব্রেরি’তে ‘জেনারেট ইমেজ’ বাটনে ক্লিক করে ছবির আকৃতির অনুপাত ও স্টাইল নির্ধারণ করে দেওয়া যাবে।

যেকোনো ব্যবহারকারী চাইলে এই এআই সহায়ক সক্রিয় করতে পারবেন। সাইট লিস্টে গিয়ে সাইটের নামের ওপর ক্লিক করে সেটিংস-এ প্রবেশ করে ‘এআই টুলস’ অপশন স্ক্রল করে ‘এনাবল এআই অ্যাসিস্ট্যান্ট’ টগল অন করলেই চলবে। তবে যারা এআই ওয়েবসাইট বিল্ডারসহ সাইট কিনবেন, তাদের জন্য এই সহায়ক স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে।

ডিবিটেক/বিএমটি