এআইয়ের প্রভাবে ইউরোপীয় ব্যাংকগুলোতে দুই লাখ চাকরি ছাঁটাইয়ের আশঙ্কা
মরগান স্ট্যানলির এক বিশ্লেষণ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ইউরোপের ব্যাংকিং খাতে দুই লাখের বেশি চাকরি বিলুপ্ত হতে পারে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ ও শাখা বন্ধের ফলে ৩৫টি বড় ব্যাংকের মোট জনবলের প্রায় দশ শতাংশ কমে যাবে। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, সবচেয়ে বেশি প্রভাব পড়বে ব্যাক অফিস, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক সম্মতি কার্যক্রমে, যেখানে অ্যালগরিদম দ্রুত ও দক্ষতার সঙ্গে তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। প্রতিবেদনে সম্ভাব্য দক্ষতা বৃদ্ধি ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে উল্লেখ রয়েছে।
এই প্রবণতা শুধু ইউরোপে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রে গোল্ডম্যান স্যাকস এআইভিত্তিক কৌশলের অংশ হিসেবে ২০২৫ সালের শেষ পর্যন্ত নিয়োগ স্থগিত ও চাকরি কমানোর সতর্কবার্তা দিয়েছে।
ইতিমধ্যে কিছু ব্যাংক বাস্তব পদক্ষেপ নিয়েছে। ডাচ ঋণদাতা এবিএন আমরো ২০২৮ সালের মধ্যে কর্মীর এক পঞ্চমাংশ কমাতে চায়, আর সোসিয়েতে জেনেরালের প্রধান নির্বাহী বলেছেন, কিছুই অচ্ছুত নয়।
তবে সতর্কতা জানিয়ে জেপিমরগান চেজের এক নির্বাহী বলেছেন, মৌলিক শিক্ষা ছাড়া নতুন ব্যাংকাররা ভবিষ্যতে শিল্পকে ঝুঁকিতে ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে। এই পরিবর্তন নীতি নির্ধারকদের জন্য সামাজিক সুরক্ষা ও পুনঃদক্ষতা কর্মসূচি জোরদারের তাগিদ বাড়ায়।
ডিবিটেক/বিএমটি





