তারেক রহমানের প্রত্যাবর্তনে রিল তৈরির প্রতিযোগিতা শুরু
১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অবস্মরণীয়’ করে রাখার ঘোষণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিল মেকিং’ প্রতিযোগিতা শুরু করে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)।
‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতায় ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলোর মধ্যে রয়েছে- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও আমি যেমন দেশ চাই বিষয়ে ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব বা টিকটক যে কোনো প্লাটফর্মেই এক মিনিটির ভিডিও বানিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন নেটিজেনরা। দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী ‘বাংলাদেশ ফাস্ট’ হ্যাসট্যাগ ব্যবহার করে ভিডিওটি বিএনপি’র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। বিচারকদের ৭০ শতাংশ এবং জনমতের ৩০ শতাংশ ভোট যুক্ত করে নির্ধারণ করা হবে প্রতিযোগিতার বিজয়ীদের।
প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৬ ডিসেম্বর জানানো হয়, এ দিন থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। মাহদী আমিন বলেন, তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ও ভাবনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সাইমন পারভেজ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
ডিবিটেক/এফবিপি/ইক







