এআই দিয়ে ছবি বানিয়ে লকডাউন করছে আওয়ামী লীগ: এ্যানি
আওয়ামী লীগের লকডাউনে কোনও মানুষ নেই, এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ১৩ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সদর উপজেলার চরশাহী ইউনিয়নে কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় এ্যানি বলেন, কিছু নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে প্রধান সড়কে গুপ্তভাবে ভোররাতে একটি ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে। অথচ তাদের নেত্রী বলেছিল- যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে ফেলে দেবে, এখন তো তিনি নাই। তিনি পালিয়ে যাবার আগে তার আত্মীয়-স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, হাসিনার আমলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে। অনেক পরিবার গুম-খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন করেছে। এদের হাতে ছিল মুজীব বাহিনী ও রক্ষী বাহিনী।
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাশেম ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম।
ডিবিটেক/ডিআর/এমআর



