প্লেএআই কেনার দ্বারপ্রান্তে মেটা
সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা ক্যালিফোর্নিয়া-ভিত্তিক এআই ভয়েস ক্লোনিং স্টার্টআপ প্লেএআই-কে অধিগ্রহণের চুক্তি চূড়ান্ত করেছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে। খবর এনগ্যাজেট।
চুক্তি অনুযায়ী, প্লেএআই-এর পুরো দল আগামী সপ্তাহে মেটায় যোগ দেবে এবং তারা জোহান স্কাল্কউইকের তত্ত্বাবধানে কাজ করবে। স্কাল্কউইক এর আগে গুগলের স্পিচ এআই বিভাগে নেতৃত্ব দিয়েছেন।
প্লেএআই ব্যবহারকারীর কণ্ঠ অনুকরণ করতে পারে এবং সম্পূর্ণ নতুন মানবসদৃশ কণ্ঠও তৈরি করতে পারে, যা বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট ও ফোনে ব্যবহৃত হয়। মেটা জানিয়েছে, এই প্রযুক্তি তাদের মেটা এআই, এআই চরিত্র এবং ওয়্যারেবল পণ্যের রোডম্যাপের সাথে পুরোপুরি মানানসই।
মার্ক জাকারবার্গ ব্যক্তিগতভাবে মেটার নতুন এআই সুপারইন্টেলিজেন্স ল্যাব গড়তে নেতৃত্ব দিচ্ছেন। এর অংশ হিসেবে মেটা সম্প্রতি স্কেল এআইতে ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিযোগী প্রতিষ্ঠানের শীর্ষ এআই বিশেষজ্ঞদের দলে টেনেছে।
ডিবিটেক/বিএমটি



