উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ
২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:৩৪  
২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৪৮  

রটনার দু’দিনের মাথায় দল গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। এমনকি পদত্যাগপত্র জমা দিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে নাহিদ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে  বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছিল উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক কমিটির কয়েকটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।  জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না। সদস্যসচিব হিসেবে কে আসবেন, মূলত তা নিয়ে মতবিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে।