‘রিভ চ্যাট’ এর লাইভ চ্যাট ব্যবহার শুরু টালিখাতার
বাংলাদেশের হোমগ্রোন সল্যুশন রিভ চ্যাটের আইএম প্রযুক্তি সম্বলিত লাইভ চ্যাট প্লাটফর্ম ব্যবহার শুরু করেছে দেশের সর্ববৃহৎ ক্ষুদ্র, ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের (এমএসএমই) ডিজিটাল প্লাটফর্ম টালিখাতার দশ লক্ষাধিক ব্যবসায়ী। একজন প্রতিনিধির মাধ্যমে তারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, টেলিগ্রাম, ইউটিউব, ইন্সটাগ্রাম, লিংকডইন, এবং ওয়েবসাইটসহ সকল চ্যানেল থেকে আসা মেসেজ পরিচালনা করতে পারছের শুধুমাত্র একটি প্লাটফর্ম থেকেই। ব্যবহারকারীরা এতে ইংরেজি, বাংলা, এমনকি বাংলিশ অর্থাৎ ইংরেজি হরফে বাংলা লিখেও তাৎক্ষণিক সহযোগিতা পাচ্ছে। এছাড়া সর্বোচ্চ মানের গ্রাহকসেবা প্রদানের জন্য এই প্লাটফর্মে কো-ব্রাউজিং ও অডিও-ভিডিও কলের মত প্রয়োজনীয় সব টুল রয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গত ৩০ মে টালিখাতার কার্যালয়ে রিভ সিস্টেমস ও টালিখাতার মধ্যে এ নিয়ে একটি চুক্তি হয়েছে।
চুক্তি বিষয়ে টালিখাতার সিইও ড. শাহাদাত খান বলেন, “রিভ চ্যাটের সাথে এই পার্টনারশিপ টালিখাতার জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা বিশ্বাস করি অসাধারণ মার্চেন্ট সেবা ব্যবসায়ীক সাফল্যের মূলমন্ত্র। গ্রাহকরা আমাদের সাথে যোগাযোগের জন্য এখন যে মাধ্যমই ব্যবহার করুক না কেন, রিভ চ্যাটের উন্নত প্রযুক্তি ও কার্যকরী ব্যবস্থায় আমরা তাদের সর্বোচ্চ মানের সেবা দিতে পারব। আমাদের গ্রাহকদের মাঝে এর যে ইতিবাচক প্রভাব পড়বে তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
রিভ চ্যাটের সিইও এম রেজাউল হাসান জানান, “টালিখাতা তাদের অসামান্য সেবার মাধ্যমে দেশের এমএসএমই খাতের চিত্র পাল্টে দিচ্ছে। লাইভ চ্যাট প্লাটফর্ম নিয়ে এই অগ্রযাত্রায় অংশ নিতে পেরে আমরা আনন্দিত।”
উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। টালিখাতার পক্ষ থেকে সিইও ড. শাহাদাত খান, পিএইচডি, চিফ টেকনোলজি অফিসার মাহাফুজুর রহমান মাসুম, চিফ প্রোডাক্ট অফিসার অমীয় দাস, চিফ গ্রোথ অফিসার মুহাম্মদ আওলাদ হোসাইন, হেড অব বিজনেস ফারুক হোসেন এবং রিভ গ্রুপের পক্ষ থেকে গ্রুপ সিইও এম রেজাউল হাসান, চিফ কমার্সিয়াল অফিসার রায়হান হোসেন, জিএম বিশ্বজিৎ সাহা, এজিএম মোঃ শাহিনুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টালিখাতা ও টালিপে বাংলাদেশি আর্থিক প্রতিষ্ঠান প্রগতি সিস্টেমস লিমিটেডের (পিএসএল) সেবা যেটি মূলত ডিজিটাল আর্থিক সেবা ও বেসরকারি খাতের প্রযুক্তিগত উন্নয়নে কাজ করে থাকে। এর আগে প্রতিষ্ঠানটি ‘শিওরক্যাশ’ এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ডিজিটাল পেমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেছিল যার মাধ্যমে প্রায় এক কোটি পরিবার সেবা পায়।
পিএসএল এর প্রতিষ্ঠাতা ও সিইও ড. শাহাদাত খান বুয়েটের শিক্ষক ছিলেন এবং তিনি কানাডা থেকে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। জাপান, সিঙ্গাপুর, হংকং ও কানাডার বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং এসবিআই গ্রুপ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিনিয়োগে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।
রিভ চ্যাট ইতোমধ্যে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ আমেরিকা ও কানাডার খ্যাতনামা প্রতিষ্ঠানের আস্থা অর্জন করেছে ও সেবা প্রদান করে যাচ্ছে। যার মধ্যে রয়েছে কমার্শিয়াল ব্যাংক অফ কুয়েত, কলম্বিয়ার স্কশিয়া ব্যাংক, মেক্সিকান সরকারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্রান্সপারেন্সি, বিশ্বের অন্যতম বৃহৎ নেটওয়ার্ক ইকুইপমেন্ট প্রস্তুতকারক ফ্রান্সের লিগ্র্যান্ড, মালয়েশিয়ার পাবলিক গোল্ড, কানাডিয়ান হিয়ারিং ইন্সটিটিউট, ভারতের শীর্ষস্থানীয় এডটেক প্রতিষ্ঠান আইনিউরন, ইত্যাদি।







