সংস্কৃতি চর্চায় প্রযুক্তি ব্যবহারের তাগিদ প্রধানমন্ত্রীর

৪ জুলাই, ২০২৩ ১১:২১  

সংস্কৃতি চর্চায় প্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “প্রযুক্তির সঙ্গে নতুন প্রজন্মের ভাবনা বদলাচ্ছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কৃতি চর্চা করতে হবে। প্রজন্মের পর প্রজন্ম জাতিকে আধুনিক ও জ্ঞানভিত্তিক গড়ে তুলতে আমাদের সংস্কৃতির সঙ্গে প্রযুক্তিকে যুক্ত করতে হবে।”

মঙ্গলবার (৪ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কপিরাইট ভবন উদ্বোধনের সময় এমন তাগিদ দেন সরকার প্রধান। অনুষ্ঠানে সংস্কৃতি চর্চায় তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তাদের জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্তিরও আহ্বান জানান তিনি।

সকালে সরকারি বাসভবন গণভবন থেকে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা।

সরকার সংস্কৃতির আরও উন্নতির জন্য প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “নতুন প্রযুক্তির আবির্ভাবে আমাদের বাচ্চাদের চিন্তাভাবনা এবং বিশ্বাসগুলো সর্বদা পরিবর্তিত হচ্ছে। তাদের চিন্তাধারা অনুযায়ী আমাদের সংস্কৃতিকে উন্নত করতে হবে, যাতে তারা কখনই বাংলাদেশের সংস্কৃতিকে ভুলে না যায়।”

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষ সাধনে যা যা করার দরকার আমরা ইতোমধ্যে করেছি এবং ভবিষ্যতেও করে যাব। কারণ প্রযুক্তির যুগে আমাদের ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। কাজেই তাদের চিন্তা-চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের সংস্কৃতিকে বিকশিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ২০০৯ সাল থেকে বাঙালি জাতির ইতিহাস ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, সাহিত্য ও গবেষণামূলক কাজকে রক্ষা ও সংরক্ষণ করে প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন একটি শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেব সংস্কৃতি সচিব খলিল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেগুলো হলো- গণগ্রন্থাগার অধিদপ্তরের জন্য নতুন বহুতল ভবন, পুরান ঢাকা শহরের রোজ গার্ডেন, ঢাকায় কবি নজরুল ইনস্টিটিউট ভবন, কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা একাডেমি এবং আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, ময়মনসিংহের মুক্তাগাছা সাংস্কৃতিক কেন্দ্র এবং জাতীয় জাদুঘরে শিশু গ্রন্থাগার।

তিনি নবনির্মিত ১২তলা কপিরাইট ভবনও উদ্বোধন করেন।