শিক্ষার্থীদের সাইবার বুলিং মোকাবিলার কৌশল শেখাবে ‘মনের বন্ধু’

৭ আগষ্ট, ২০২৩ ১৩:১০  

শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের মানসিক চাপ মোকাবিলার কৌশল শেখানোর উদ্যোগ নিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ইউএনডিপি বাংলাদেশের পিটিআইবি প্রকল্পের অধীনে পরিচালিত এ উদ্যোগ বাস্তবায়ন করবে মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’।

রাজধানীর আইডিবি ভবনে অবস্থিত ইউএনডিপি কার্যালয়ে গত ১ আগস্ট এই উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পিটিআইবি প্রকল্পের পরিচালক মো. আবু সাঈদ। এরপর অনুষ্ঠিত হয় 'সাইবার বুলিং ও অনলাইনের ক্ষতিকর প্রভাব রোধে মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি ও দক্ষতা বৃদ্ধি ' সভা। সভায় উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ফয়সাল বিন মজিদ।

মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপার সঞ্চালনায় সভায় ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের পরিচালক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের পরিচালক মেহজাবিন হক, ইউএনডিপি বাংলাদেশের পক্ষে শাহরিন তিলোত্তমা উদ্যোগটির প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের বিভন্ন দিকেরও ওপর আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএন উইমেনের প্ল্যানিং, মনিটরিং এবং রিপোর্টিং এনালিস্ট তানিয়া শারমিন, বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী কমিশনার রোকসানা সুজানা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিসি অ্যান্ড জাস্টিস সিনিয়র কর্মকর্ত (কমিউনিকেশন ও ডকুমেন্টেশন) মো. ওয়াহিদুল ইসলাম এবং সিবিএম গ্লোবালের মানসিক স্বাস্থ্যবিষয়ক পরিচালক।