যুব প্রতিবন্ধীদের জাতীয় আইটি প্রতিযোগিতায় যে ১২ জন পেলেন পুরস্কার

১৬ মে, ২০২৪ ০৮:৪৭  

রাজধানী ঢাকার মিরপুরে বিইউবিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুব প্রতিবন্ধীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ৮ম জাতীয় আইটি প্রতিযোগিতায় ৪ ক্যাটাগরিতে অংশ নেয়া ১২৩ প্রতিযোগীর মধ্যে পুরস্কৃত হলো ১২ প্রতিবন্ধী। এরা হলেন, দৃষ্টি প্রতিবন্ধী ক্যটাগরিতে গাইবান্ধার মোঃ আল মানি মোস্তাকিম তাহসনি প্রথম, ঝিনাইদহ এর মোঃ নাছিম দ্বিতীয় এবং ঢাকার মোঃ রাফাত করিম তৃতীয়।

শারীরিক প্রতিবন্ধী ক্যটাগরিতে রাজশাহীর মোঃ ইয়াসিন খন্দকার ইমন প্রথম, পাবনার মোসাঃ স্বর্ণা খাতুন দ্বিতীয় এবং শেরপুরের মোঃ আব্দুল হামিদ তৃতীয়। একইভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ক্যটাগরিতে ঢাকার মোঃ আতিকুর রহমান প্রথম, ঢাকার সাবেকুন নাহার দ্বিতীয় এবং ঢাকার মামুনুর রশিদ ইফতি তৃতীয়।

সবশেষে, এনডিডি ক্যটাগরিতে ঢাকার ওয়াজিহ তাওসিফ রায়াত প্রথম, ঢাকার আশরার বিল্লাহ খান দ্বিতীয় এবং ঢাকার রায়হান হোসেন তৃতীয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছেন স্মার্টফোন, সনদ ও ক্রেস্ট। বিজয়ী ১২ জনের মধ্য থেকে যাচাই-বাছাই করে শ্রেষ্ঠ ৪জন আগামী অক্টোবরে দুবাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন।

এসময় বিসিসি এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার, বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি এর চেয়ারম্যান মোঃ সামশুল হুদা, সিএসআইডি নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান। স্বাগত বক্তব্য রাখেন বিসিসি এর প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার ইনচার্জ পরিচালক মোঃ জফুরুল আলম খান।

সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) সহযোগিতায় শনিবার অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার আয়োজক ছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।