মোবাইল উৎপাদনে সুবিধা অব্যাহত, ৫ শতাংশ বাড়লো সিম ট্যাক্স

১১ জুন, ২০২০ ১৬:৫৪  
দেশে উৎপাদিত মোবাইল ফোনে আরও এক বছরের জন্য ভ্যাট অব্যাহতির সুবিধা অক্ষুন্ন রাখা হয়েছে। তবে মোবাইল ফোনের সিমকার্ড ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এ সুবিধা দেয়ার কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে মোবাইল সেট উৎপাদনের উপর মূসক অব্যাহতি এবং সংযোজন খাতে ৫ শতাংশ হারে মূসক বিদ্যমান আছে। উক্ত অব্যাহতির মেয়াদ ২০২০ সালের ৩০ জুন শেষ হবে। দ্রুত বর্ধনশীল এ খাতের সম্প্রসারণের লক্ষ্যে উক্ত সুবিধা আরও এক বছর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে নতুন করহারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক  ১৫ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ হলো। ফলে মোট করভার দাঁড়াবে ৩৩ দশমিক ৫৭ শতাংশ।