ভয়েস কন্ট্রোলসহ নতুন ডিজাইনে আসছে অ্যাপলের ম্যাজিক মাউস
অ্যাপল তাদের ম্যাজিক মাউসকে নতুন করে ডিজাইন করছে, যেখানে থাকতে পারে ভয়েস কন্ট্রোলসহ বেশ কিছু চমকপ্রদ ফিচার। খবর ম্যাশেবল।
ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানিয়েছেন, নতুন ম্যাজিক মাউসের চার্জিং পোর্টের অবস্থান পরিবর্তন করা হবে। বর্তমানে মাউসের নিচে থাকা এই পোর্ট ব্যবহারকারীদের দীর্ঘদিন ধরে বিরক্তির কারণ হয়ে আসছে। গুরম্যানের মতে, নতুন মাউস আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বাজারে আসতে পারে।
এদিকে কোরিয়ার লিকারের তথ্য অনুযায়ী, নতুন ম্যাজিক মাউস ২০২৬ সালে উন্মোচন হবে এবং এতে ভয়েস কন্ট্রোলের সুবিধা যুক্ত থাকবে।
গুরম্যান এক্স-এ মন্তব্য করেছেন যে ম্যাজিক মাউসে ভয়েস কন্ট্রোল প্রযুক্তির ব্যবহার “এআই প্রযুক্তির প্রেক্ষাপটে যৌক্তিক”। তবে তিনি আরও উল্লেখ করেন যে নতুন মাউসে মূল জোর থাকবে “ইর্গোনোমিক্স এবং জেসচার” ফিচারগুলোর ওপর। এছাড়াও এতে থাকবে একটি ইউএসবি-সি চার্জিং পোর্ট।
তিনি ইঙ্গিত দিয়েছেন যে নতুন ম্যাজিক কিবোর্ডও আসতে পারে।
অ্যাপলের এই নতুন উদ্ভাবন প্রযুক্তি প্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে, কারণ ভয়েস কন্ট্রোল ও ইর্গোনোমিক ডিজাইন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।







