নাটোরে, নিজ জেলার বিভিন্ন জনবহুর স্থানে ২০টি করোনা প্রতিরোধ বুথ ও হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান কার্যক্রম উদ্বোধন করে সবাইকে মাস্ক পরার অঙ্গীকার করিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রবিবারে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের (নাটোর ও নওগাঁ) সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ পরিতোষ কুমার রায় প্রমুখ।
এদিকে সিংড়া পৌরসভার জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয় ও কতুয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১১০০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে উপস্থিত সবাইকে মাস্ক পরার এই অঙ্গীকার করান প্রতিমন্ত্রী।

পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল এবং গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি সজীব ইসলাম জুয়েল।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেছেন, তিনটি স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। নিয়মিত মাস্ক ব্যবহার করা, সাবান-পানি দিয়ে হাত ধোয়া এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যে টিকা গ্রহণ করতে হবে। জনসাধারণকে এসব স্বাস্থ্য বিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে পৌরসভা এবং ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে জন্যে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক মর্যাদাবান ব্যক্তিদের সমন্বয়ে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করে দ্রুত সক্রিয় হতে হবে।