বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মৃন্ময় গুহ

৭ মার্চ, ২০২১ ২০:১২  
২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান । জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ড. মৃন্ময় গুহ নিয়োগী। আর গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। রবিবার (৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। পুরস্কার হিসেবে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র পাবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানটি। তালিকা অনুযায়ী, মুক্তিযুদ্ধে মরহুম এ কে এম ফজলুর রহমান, শহীদ আহসানউল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ ও মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে নাট্যজন আতাউর রহমান ও সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও ‘সমাজসেবা/জনসেবা’ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।