বাংলাদেশ অফিস স্থাপন ও ভ্যাট প্রতিনিধি নিয়োগ করছে না ফেসবুক
এখনই ঢাকায় কার্যালয় স্থাপনে অনাগ্রহী বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। একইভাবে বিজ্ঞাপন থেকে সরকার মুসক আদায়ে সুবিধার বিষয়ে কোনো প্রতিনিধি নিয়োগের বিষয়েও নির্বিকার। তবে বাংলাদেশের ব্যবসায় পরিচালনা করতে আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে বাংলাদেশে একজন পলিসি ম্যানেজার (বাংলাদেশে ফেসবুকের নিয়মনীতি ব্যবস্থাপক) নিয়োগ করবে তারা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশে সফররত ফেসবুকের পাবলিক পলিসি পরিচালক শিবনাথ থাকরাল।
তিনি জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশে পলিসি বিষয়ক একজন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে। তিনি নীতিমালা ও সরকারি বিভিন্ন যোগাযোগের বিষয়টি দেখবেন। কিন্তু বাংলাদেশে ফেসবুকের কোনো অফিস এখনই করার পরিকল্পনা নেই। সরকারি ভ্যাট নিয়ে কাজ করবে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে না।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) বিটিআরসি-তে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও বিটিআরসি কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ মান্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আট সদস্যের ফেসবুক প্রতিনিধি দল।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফুসবুকের হেড অব সেফটি বিক্রম সেনগ। প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন- ফেসবুক পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বনি রানা, শিবনাথ থাকরাল, পাবলিক পলিসি ম্যানেজার বরুণ রেড্ডি, সুমন্ত বিশ্বাস, প্রডাক্ট লেভেল ট্রান্সলেটর টবি ফারনাল, পাবলিক পলিসি ম্যানেজার রিসাব দারা, স্টেটেজি ম্যানেজার ম্যাট স্যানসেন এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরম ইকবাল।
বৈঠকের পরদিন আজ বাংলাদেশে ফেসবুকের কনটেন্ট নীতিমালা নিয়ে গণমাধ্যমকে তথ্য জানান ফেসবুকের পাবলিক পলিসি ম্যানেজার বরুণ রেড্ডি, পাবলিক পলিসি পরিচালক শিবনাথ থাকরাল এবং এমারজিং মার্কেটের পলিসি কমিউনিকেশন ম্যানেজার অ্যামি সাওয়িতা লেফেব্রি।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ফেসবুকের কনটেন্ট পলিসি তুলে ধরে ফেসবুক কনটেন্টের পাবলিক পলিসি ম্যানেজার বরুন রেড্ডি জানান, ভারতীয় ও বাংলাভাষী একটি বিশেষ টিম বাংলাভাষায় প্রচারিত জঙ্গিবাদ, সহিংসতা, ভুয়া খবর, নিপীড়ন, মৌলবাদী কনটেন্ট পর্যালোচনা করে। গত জানুয়ারি থেকে মার্চ—এ তিন মাসে ৩ কোটি ৩৬ লাখ গ্রাফিকস সহিংস কনটেন্ট সরিয়েছে তার মধ্যে বেশ কিছু বাংলা কনটেন্টও ছিলো।
এমারজিং মার্কেটের পলিসি কমিউনিকেশন ম্যানেজার অ্যামি সাওয়িতা লেফেব্রি জানান, মূলত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে কনটেন্ট পলিসি নিয়ে বিভিন্ন দেশে কার্যক্রম চালাচ্ছে ফেসবুক। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে পলিসি নিয়ে গণমাধ্যমের সামনে নীতিমালা তুলে ধরা হলো। নিয়মিত কার্যক্রম হিসেবে এ ধরনের আয়োজন আরও ঘটবে। বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরো তথ্য সরবরাহ করবে।