বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসিকে লাল কার্ড প্রদর্শন
কুশপুত্তলিকা দাহ করে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাসিরউদ্দিনকে লাল কার্ড দেখিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
ভিসি অপসারণের দাবিতে লাগাতার আন্দোলনের নবম দিনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে বিকেল ৫টার দিকে ভিসিকে লাল কার্ড প্রদর্শন করা হয়। এরআগে দুপুর ১২টার দিকে তারা ভিসির কুশপুত্তলিকা দাহ করে।
এসময় ‘জ্বালো যে জ্বালো আগুন জ্বালো’, ‘স্বৈরাচারের শরীরে আগুন জ্বালো একসাথে’, স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।
এছাড়াও প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনরত শিক্ষার্থীরা বাদ্য বাজিয়ে ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’ ক্রমাগত স্লোগান চালিয়ে যাচ্ছে। দফায় দফায় বিক্ষোভ-মিছিল করছে। এছাড়াও মুক্তমঞ্চে নাটক, রাত ৮টার দিকে প্রতিদিনের মতো শিক্ষার্থীদের মশাল মিছিল করেছে।
এদিকে বশেমুরবিপ্রবি’তে শিক্ষার্থী আন্দোলনের কারণ খতিয়ে দেখতে তদন্ত কাজ শেষ করে ইউজিসি’র তদন্ত কমিটি চলে গেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এদিন বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের নির্দেশ অগ্রাহ্য করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।