ফোনে কম্পিউটারের গ্রাফিক্স কার্ডের প্রযুক্তি আনছে স্যামসাং
আগামী ১৭ জানুয়ারি উন্মোচিত হবে গ্যালাক্সি এস২৪ সিরিজ। স্যামসাং এর এই ফোনটিতে থাকছে ওভারক্লকিং ক্ষমতা যুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। দ্বিতীয় ধাপে এই ফোনে যুক্ত হব ফিডেলিটিএফএক্স সুপার রেজোলিউশন (FSR) প্রযুক্তির ইন্টিগ্রেশন। অর্থাৎ এএমডি-এর রেডিওন সিরিজের গ্রাফিক্স কার্ডে ব্যবহৃত এফএসআর প্রযুক্তিটি এবার দেখা যাবে গ্যালাক্সি এস২৪ সিরিজে ।
এজন্য এরইমধ্যে এফএসআর প্রযুক্তি ব্যবহার করার জন্য এএমডি এবং কোয়ালকম এর সাথে হাত মিলিয়েছে। এনভিডিয়ার ডিএলএসএস-কে টেক্কা দিতে গেমিং পারফরম্যান্স বাড়ানোর জন্য এএমডি নির্মিত একটি প্রযুক্তির নাম এফএসআর। বলা হচ্ছে, ফোনের হার্ডওয়্যার ওভারলোড না করেই হাই-গ্রাফিক্সের গেম আরও মসৃণভাবে চালাতে সাহায্য করবে এই প্রযুক্তি৷
রিপোর্ট অনুযায়ী, স্যামসাং, কোয়ালকম এবং এএমডি এই প্রযুক্তিটি নতুন ফোনগুলিতে যুক্ত করার জন্য একসঙ্গে কাজ করছে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এ ইতিমধ্যেই গেমিং পারফরম্যান্সকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে রে-ট্রেসিংয়ের মতো প্রযুক্তি রয়েছে।
ধারণা করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলগুলিতে ফিডেলিটিএফএক্স সুপার রেজোলিউশন-এর ব্যবহার স্মার্টফোনকে কেবল স্মার্ট লুকই দেবে না; নিয়ে যাবে নতুন উচ্চতায়। প্রতিযোগীদের থেকে আলাদা করবে।







