প্রথমবারের মতো তৈরি হল প্রাপ্তবয়স্ক মস্তিষ্কের ‘মানচিত্র’

৪ অক্টোবর, ২০২৪ ০৯:২২  

একটি মাছির নিউরন ও তাদের মধ্যে পাঁচ কোটি সংযোগের থ্রিডি মডেল তৈরি করেছেন নিউরন বিজ্ঞানীরা। একশ টেরাবাইটের বেশি ছবি স্ক্যান করতে এআই ব্যবহার করে তৈরি করেছেন এক লাখ ৪০ হাজার নিউরোন ও তাদের মধ্যে পাঁচ কোটি সংযোগের এ মানচিত্র।

আর এর মধ্য দিয়েই প্রথমবারের মতো প্রকাশ্যে এলো কোনো প্রাপ্তবয়স্ক মস্তিষ্কের সপূর্ণ মানচিত্র। এর ফলে এই প্রথম বিজ্ঞানীরা এমন কোনো প্রাপ্তবয়স্ক প্রাণীর সম্পূর্ণ মস্তিষ্ক দেখতে পারছেন যেটি হাঁটতে ও উড়তে পারে।

‘নিউরোনাল ওয়্যারিং ডায়াগ্রাম অফ এ অ্যাডাল্ট ব্রেইন’ এবং ‘হোল-ব্রেইন অ্যানোটেশন অ্যান্ড মাল্টি-কানেকটোম সেল টাইপিং অফ ড্রসফিলা’ শীর্ষক দুটি নতুন গবেষণায় মস্তিষ্কের এ ম্যাপটি বর্ণনা করা হয়েছে, যা ‘নেচার’ সাময়িকীতে প্রকাশ পেয়েছে।

এ বিষয়ে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-কে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রেগরি জেফরিস বলেছেন, মস্তিষ্ক কীভাবে কাজ করে আমরা তা বুঝতে হলে, যান্ত্রিক উপায়ে বুঝতে হবে কিভাবে সব নিউরন একসঙ্গে যুক্ত হয় ও আপনাকে ভাবতে দেয়। বেশিরভাগ মস্তিষ্কের ক্ষেত্রে এ নেটওয়ার্ক কীভাবে কাজ করে তার কোনো ধারণা আমাদের নেই। হাঁটা, ওড়া, ন্যাভিগেট করার মতো সব ধরনের জটিল কাজ মাছি করতে পারে, এমনকি ছেলে মাছিরা মেয়েদের গান গেয়েও শোনায়। আমাদের যাতে আগ্রহ সেসব বোঝার জন্য প্রথম ধাপ হল ব্রেইন ওয়্যারিং ডায়াগ্রাম, যেমন কীভাবে আমরা গতিবিধি নিয়ন্ত্রণ করি, টেলিফোনের উত্তর দেই বা বন্ধুকে চিনতে পারি। নতুন ম্যাপ করা মস্তিষ্কটি আগের ছোট গবেষণার সঙ্গে তুলনা করলে, ছবিগুলোয় যথেষ্ট মিল রয়েছে; এবং প্রতিটি মস্তিষ্ক একেবারেই স্বতন্ত্র কাঠামোর বিষয়টি এমন নয়। আরও বড় মস্তিষ্ক নিয়েও একইরকম গবেষণার প্রথম পদক্ষেপ হতে পারে এটি, যার মধ্যে শেষ পর্যন্ত মানুষের মস্তিষ্ক থাকবে।

এদিকে সব মস্তিস্ককে আরও ভালভাবে বোঝার আশায় এ গবেষণায় সম্পূর্ণ ডেটাবেইজ অন্য গবেষকদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন বিজ্ঞানীরা। একটি সুস্থ মস্তিষ্ক কীভাবে কাজ করে তা বুঝলে, মস্তিষ্ক ভিন্ন পরিস্থিতি, যেমন মানসিক স্বাস্থ্য সমস্যার বেলায় কীভাবে কাজ তা আরও ভালোভাবে বোঝা যাবে।